ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ পগবা
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।
ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছেন পল পগবা। ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইউভেন্তুসের এই ফরাসি মিডফিল্ডার।
গত ২০ অগাস্ট সেরি আয় উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ম্যাচে পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। ৩-০ গোলে জেতা ওই ম্যাচে বেঞ্চে থাকলেও তিনি খেলেননি।
টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরের মাসে এই ফুটবলারের ‘বি’ নমুনার টেস্টের রিপোর্টও পজিটিভ আসে।
তারই প্রেক্ষিতে নিষেধাজ্ঞার খবর এলো বৃহস্পতিবার। ৩০ বছর বয়সী পগবাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল। ডোপিং-বিরোধী প্রসিকিউটর অফিস সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞার অনুরোধ করেছিল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে আপিল করবেন পগবা।
ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে পুরনো ঠিকানা ইউভেন্তুসে ফেরেন পগবা। তারপর থেকে একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
