রেয়াল মাদ্রিদকে আবার উড়িয়ে দেওয়া ম্যান সিটি কোচের চোখে ‘অসম্ভব’
রেয়াল মাদ্রিদের মতো ক্লাবকে দুইবার একই দাপটে হারানো যায় না, বলছেন পেপ গুয়ার্দিওলা।
মহারণ ঘিরে গত মৌসুমের মতোই তুমুল রোমাঞ্চ-উত্তেজনা আছে। কেউ কেউ দেখছেন গতবারের ফলাফলের পুনরাবৃত্তির সম্ভাবনা কিংবা শঙ্কাও। তবে সেই ভাবনা উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, রেয়াল মাদ্রিদের মতো ক্লাবকে একই দাপটে একাধিকবার হারানো যায় না।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে বিশ্বের সেরা ক্লাবগুলির দুটি রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
এই প্রতিযোগিতায় গত দুই মৌসুমে এই দুই দলের দেখা হয়েছিল সেমি-ফাইনালে। ২০২১-২২ মৌসুমে প্রথম লেগে ৪-৩ গোলে হারার পর দ্বিতীয় লেগে রেয়ালের ৩-১ গোলের জয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও ধ্রুপদি ম্যাচগুলির তালিকায় ঢুকে গেছে। গত মৌসুমে সেটির শোধ তুলে নেয় সিটি। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে রেয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে গুয়ার্দিওলার দল। পরে ক্লাবের ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরা হওয়ার স্বাদ পায় তারা।
চলতি মৌসুমেও ম্যানচেস্টার সিটি যেভাবে খেলছে, রেয়ালকে আবার বড় ব্যবধানে হারালে তা বিস্ময়ের কিছু হয়তো হবে না। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই হেসে উড়িয়ে দিলেন গুয়ার্দিওলা।
“এটা কঠিন। রেয়াল মাদ্রিদকে একইভাবে দুইবার হারানো অসম্ভব… কারণ তারা শিক্ষা নেয়, নিজেদের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেয়। একই ম্যাচের ভেতর অনেক ধরনের খেলা হবে। তারা ওপরে উঠে চাপ দেবে, খুবই আগ্রাসী হবে, এত বিপজ্জনক তারা… সবাই জানে তাদের শক্তি কেমন।”
প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যে আস্থার কমতি নেই গুয়ার্দিওলার। প্রবল আত্মবিশ্বাসের বার্তা জানিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ।
“আমরা শুধু ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এখানে আসিনি। তাদেরকে আঘাত করার, ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে…। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে, এখানে আমরা গোল করতে এসেছি… আমরা শক্তিশালী অনুভব করছি। অবিশ্বাস্যরকমের আত্মবিশ্বাসী আছি আমরা।”
কোচের কথার প্রতিধ্বনি শোনা গেল রদ্রির কণ্ঠে। সিটির সেরা ফুটবলারদের একজন এই মিডফিল্ডারও বলছেন, কাজটা গতবারের মতো সহজ হবে না এবার। তবে নিজেদের রসদও তিনি দেখতে পাচ্ছেন যথেষ্ট।
“আমরা জানি, এবার ভিন্ন এক রেয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে আমাদের। এই দল আগের চেয়ে ভিন্নভাবে খেলে, খেলা আরও বেশি নিয়ন্ত্রণে রাখে তারা… আমাদের মানিয়ে নিতে হবে সেটার সঙ্গে।”
“আমরাও এখন আরও পরিণত দল। এই টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা আছে এখন আমাদের। এবার এখানে এসেছি ভিন্ন মানসিকতা ও স্থিরতা নিয়ে। আশা করি, টুর্নামেন্ট জয়ের সেই অভিজ্ঞতা এবার এই ম্যাচ জিততে আমাদের সহায়তা করবে।”
