২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

৩৫ থেকে ৪০ ক‍্যামেরায় রেয়াল-বার্সেলোনার মহারণ

প্রতিযোগিতার সবচেয়ে বড় ম‍্যাচের সম্প্রচারে কোনো ঘাটতি রাখতে চায় না লা লিগা।

৩৫ থেকে ৪০ ক‍্যামেরায় রেয়াল-বার্সেলোনার মহারণ

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে মৌসুমের প্রথম ক্লাসিকো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 12:58 PM

Updated : 24 Oct 2026, 12:58 PM

লা লিগায় রেয়াল মাদ্রিদের সবশেষ ম‍্যাচে বিতর্কের পর ক্লাসিকো ম‍্যাচের ক‍্যামেরাও আছে আলোচনায়! কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বার্সেলোনা ও রেয়ালের মহারণ সম্প্রচারের জন‍্য কাম্প নউয়ে থাকবে ৩৫ থেকে ৪০টি ক‍্যামেরা।

বার্সেলোনার মাঠে রোববার হবে মৌসুমের প্রথম ক্লাসিকো। নয় ম‍্যাচে ২৭ পয়েন্ট লা লিগার চূড়ায় আছে গত দুই আসরের চ‍্যাম্পিয়ন বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে তিনে আছে গত মৌসুমে কোনো শিরোপা না জেতা রেয়াল।

গত ১৯ অক্টোবর লিগে নিজেদের সবশেষ ম‍্যাচে সেভিয়াকে ৪-১ গোলে হারায় রেয়াল। প্রতিপক্ষের জেরার্দ ফের্নান্দেসকে কনুই মারেন আর্দা গুল‍্যার। ওই সময়ই তাকে লাল কার্ড দেখানোর দাবি তোলে সেভিয়া। ম‍্যাচের পরেও ক্ষোভ জানায় তারা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে, রেয়াল কোচ জুজে মরিনিয়ো ওই ঘটনার কোনো স্পষ্ট ছবি বা ভিডিও দেখতে চান।

অস্পষ্ট ছবি এবং ভালো ভিডিও না থাকার আলোচনা-সমালোচনার মধ‍্যে স্প‍্যানিশ গণমাধ‍্যমগুলো জানায়, ম‍্যাচে ক‍্যামেরা ছিল ২২ থেকে ২৬টি।

ক‍্যাটাগরি ‘এ’ ম‍্যাচে অন্তত ২২টি ক‍্যামেরা থাকতেই হয়। কিন্তু মাদ্রিদ ডার্বি কিংবা ক্লাসিকোর মতো ম‍্যাচগুলোকে ‘এ’ প্লাস ক‍্যাটাগরি হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের ম‍্যাচগুলোতে ৩৫ থেকে ৪০টি ক‍্যামেরা ব‍্যবহার করা হয়।

স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ব‍্যালন দ’র পুরস্কার দেওয়ার স্রেফ এক দিন আগে অনুষ্ঠেয় ম‍্যাচে ৪০টি ক‍্যামেরা থাকবে বকলে ধারণা করা হচ্ছে। এর মধ‍্যে এমন কিছু ক‍্যামেরা থাকবে যা গভীরভাবে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মতো তারকা খেলোয়াড়দের অনুসরণ করবে। এবারের সম্ভাব‍্য বিজয়ীর তালিকায় ভালোভাবেই আছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড ইয়ামাল ও রেয়ালের এমবাপে।