০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অপরাধী সিটিকে নিয়ে আলোচনা ইংল্যান্ড শিবিরেও

ইংল্যান্ড কোচ টমাস টুখেল মতে, বিষয়টি এত বড় যে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

অপরাধী সিটিকে নিয়ে আলোচনা ইংল্যান্ড শিবিরেও

ইংল্যান্ড কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 10:25 PM

Updated : 02 Oct 2026, 10:25 PM

আর্থিক নিয়ম ভঙ্গের মামলায় ম্যানচেস্টার সিটির দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি ইংল্যান্ড জাতীয় দলেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, জানিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

উয়েফা নেশন্স লিগে শনিবার ১০টায় (পিএম) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি প্রতিপক্ষের মাঠে খেলবে তারা।

সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের বিশদ তদন্তে ২০২৩ সালে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়। দীর্ঘ তদন্তে একটি বাদে সব অভিযোগের সত্যতা মিলেছে।

সিটির বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত অভিযোগগুলো ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের সময়কালের; পাশাপাশি ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে ক্লাবটির বিরুদ্ধে।

শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছে সিটি। কমিশন মতামত জানানোর পরপরই সেটাকে প্রত্যাখ্যান করে তারা এবং ওই রায়কে ত্রুটিপূর্ণ আখ্যা দেয় ক্লাবটি। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেছে তারা।

ইংল্যান্ড দলে সিটির খেলোয়াড়দের মধ্যে আছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন ও ডিফেন্ডার মার্ক গেয়ি। চোটের কারণে আরেক ডিফেন্ডার নিকো ও’রাইলি ক্লাবে ফিরে গেছেন।

দলের খেলোয়াড়েরা সিটির বিরুদ্ধে রায় নিয়ে আলোচনা করছেন কি-না এবং সিটির খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কি-না, শুক্রবার সংবাদ সম্মেলনে টুখেলের কাছে জানতে চাওয়া হয়।

“আমার মনে হয়, তারা এটা নিয়ে আলোচনা করছে। দুই ম্যাচের মাঝে কিছু সময় পেয়েছিলাম আমরা। আর এটা বড় একটি বিষয়। সবাই এ নিয়ে কথা বলছে, তাই এ বিষয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। আমি খুশি যে, আমাকে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে না। এ বিষয়ে আমার অর্ধেক জ্ঞানের কারও দরকার নেই।

“অবশ্যই, খেলোয়াড়রা এনিয়ে কথা বলছে। সিটির খেলোয়াড়রাও বলছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তবে খুব বেশি নয়। তারা আগামীকাল খেলার জন্য প্রস্তুত। তবে হ্যাঁ, ক্যাম্পের ভেতরে এটি একটি বড় আলোচনার বিষয়।”

শাস্তি হিসেবে অনেকে সিটিকে নিচের স্তরে নামিয়ে দেওয়ার দাবি তুলেছে। তেমন কিছু হলে, ক্লাবটির খেলোয়াড়দের জাতীয় দলে ডাকবেন কিনা টুখেল, সেটাও তার কাছে জানতে চাওয়া হয়।

“ক্যাম্প, ম্যাচ কিংবা টুর্নামেন্টের জন্য আমি সবসময় সেরা দল বেছে নেওয়ার চেষ্টা করব। নিজ দেশের শীর্ষ লিগে তারা খেলছে না- শুধু এই কারণে তাদের দলে নেওয়ার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেব না। আমাদের প্রতিটি বিষয় আলাদাভাবে দেখতে হবে।”

নেশন্স লিগে নিজেদের গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। স্পেনের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা দলটি গত মঙ্গলবার চেকিয়াকে ২-০ ব্যবধানে হারায়।