০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যাচ্ছেন মঙ্গলবার

এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 01:29 PM

Updated : 09 Nov 2026, 01:29 PM

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১) যোগ দিতে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ থেকে ১২ নভেম্বর তিনদিনের এ সফরের শেষদিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন সরকারপ্রধান।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি বলেন, তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গেও তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

“পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানের বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, “আমাদের যে এই কম্পেনসেশনের বিষয়টা, এটা তো একটা চলমান বিষয়। প্যারিস এগ্রিমেন্টের অংশ হিসেবে উন্নত দেশসমূহ বাংলাদেশের মত দেশকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অর্থায়ন এবং টেকনোলজি ট্রান্সফার উভয় ক্ষেত্রেই সহযোগিতা করবে।

“এবং সেই সহযোগিতা আমরা সবসময় যে পাই, তা কিন্তু না। কিন্তু সেজন্য আমরা আহ্বান করে থাকি এবং এটা একটা কালেক্টিভ এফোর্ট।”

অর্থনৈতিক জোনে সামরিক সরঞ্জাম তৈরিতে বিনিয়োগের বিষয়ে তুরস্কের আগের প্রস্তাবের বিষয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা হবে কি না, এমন প্রশ্নে সালাহউদ্দিন নোমান বলেন, “এই বিষয়ে স্পেসিফিক আমি এখনও কিছু বলতে পারছি না। আলোচনা হবে সামগ্রিক বিষয়ে।”

জাপানি কনসোর্টিয়ামের অধীনে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুর্কি কোম্পানি সেলেবি’র যুক্ত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “এটা আসলে দ্বিপাক্ষিক সফর নয়। এখানে আসলে মানে এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে এইসব বিষয় মানে সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

“সামগ্রিক সহযোগিতার বিষয়ে এক পক্ষ আরেক পক্ষের সাথে আলোচনা করবে, এটাই আমরা ধরে নিতে পারি। কিন্তু আপনার ধরেন স্পেসিফিক বিষয়ে কিংবা কোথায় কী হবে, সেই বিষয়ে আসলে নির্ধারিত হবে না এই বৈঠকে।”

প্রধানমন্ত্রীর এ সফরে সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল যাচ্ছেন।