নেইমারের চোখে, ‘পেলে চিরন্তন’
পেলের ছোঁয়ায় ফুটবল সাধারণ একটা খেলা থেকে শিল্প হয়ে উঠেছে।
ফুটবলের রাজা, কিংবদন্তি, শিল্পী, জাদুকর-কত নামেই না ডাকা হয় তাকে। তারপরও যেন ফুটবলের দুনিয়ায় পেলের মাহাত্ম্যকে ঠিক পরিষ্কার করে ফুটিয়ে তোলা যায় না। পূর্বসূরির বিদায়ে সেই চেষ্টাই যেন করলেন নেইমার। বর্তমানের এই তারকার চোখে, পেলে না এলে যেন ফুটবল খেলাটার ‘আজকের ফুটবল’ হয়ে ওঠা হতো না।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো, ফুটবল ইতিহাসের রেকর্ড গোলস্কোরার পেলে।
মহানায়কের বিদায়ে নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পেলের ছোঁয়া পেয়েই ফুটবল এতটা সুন্দর হয়ে উঠেছে।
“পেলের আগে, ‘১০’ নম্বর ছিল শুধুই একটা সংখ্যা। কোথাও আমি এটা পড়েছিলাম, জীবনের কোনো এক সময়ে। তবে কথাটা সুন্দর, পরিপুর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল কেবলই একটা খেলা। পেলে সবকিছু পাল্টে দিয়েছেন।”
“তিনি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছেন, বিনোদনে পরিণত করেছেন। তিনি গরীবদের জন্য আওয়াজ দিয়েছেন, কালোদের এবং বিশেষ করে: এটা ব্রাজিলকে দৃশ্যমান করে তুলেছে। রাজার কল্যাণেই ফুটবল আর ব্রাজিল নিজের মানকে উন্নীত করেছে! তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু চিরকাল থাকবে। পেলে চিরন্তন।”
ব্রাজিলের বর্তমান অধিনায়ক চিয়াগো সিলভা ইন্সটাগ্রামে ছোট্ট কথায় দিয়েছেন শ্রদ্ধাঞ্জলি।
“শান্তিতে ঘুমান রেই (রাজা), তার পরিবারের প্রতি ঈশ্বর মঙ্গল করুন।”
