নিজেদেরকে এখনই ইউরোপের বড় শক্তি মনে করেন না ম্যান সিটি কোচ
ইউরোপের বড় দলগুলির মধ্যে থাকতে হলে এবারের সাফল্যের পুনরাবৃত্তি করতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বললেন পেপ গুয়ার্দিওলা।
এই সাফল্য, এই স্বাদ, এই অর্জনের জন্য কত অপেক্ষা! দলবদলের বাজারে অঢেল অর্থের প্রবাহ। সেই অর্থ, দারুণ কৌশল, স্কিল আর প্রবল তাড়না, সবকিছু অবশেষে মিলল এক বিন্দুতে। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন এখন ম্যানচেস্টার সিটি। তবে প্রথমবার ইউরোপ সেরা হয়েই দলকে ইউরোপের প্রতিষ্ঠিত ক্লাবগুলোর মধ্যে রাখতে চান না পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের মতে, সেই জায়গায় পৌঁছতে হলে পুনরাবৃত্তি করতে হবে এবারের সাফল্যের।
গত দুই মৌসুমে হাতছানি দিয়েও মিলিয়ে গিয়েছিল শিরোপা। ২০২১ সালে ফাইনালে তারা হেরে যায় চেলসির কাছে। গত মৌসুমে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকেও ছিটকে পড়ে শেষ কয়েক মিনিটের অবিশ্বাস্য নাটকীয়তায়। তবে আক্ষেপ ঘোচানের অভিযানে মরিয়া দল এবার আর কোনো ভুল করেনি। সেই রিয়ালকেই সেমি-ফাইনালে পর্যদুস্ত করার পর ফাইনালে শনিবার হারায় তারা ইন্টার মিলানকে।
ইস্তানবুলের ফাইনালে নিজেদের সেরা ছন্দময় ও আগ্রাসী চেহারায় ছিল না সিটি। তাদেরকে জ্বলে উঠতে না দেওয়ার কৃতিত্ব ইন্টার মিলানেরও। তবে এই মৌসুমটা তো সিটিরই! ৬৮তম মিনিটে রদ্রির গোল শেষ পর্যন্ত হয়ে আসে বড় আনন্দের উপলক্ষ হয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ইতিহাস গড়ে তারা ট্রেবল জিতে।
এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কম প্রশ্ন শুনতে হয়নি গুয়ার্দিওলাকে। তাকে কোচ করে আনা হয়েছিল তো মূলত এই ট্রফিতে চোখ রেখেই! ২০০৮ সালে ক্লাবের মালিকানায় বদল আর দলবদলের বাজারে বড় বিনিয়োগের পর প্রিমিয়ার লিগে সাফল্য আসতে থাকে তাদের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১-১২ মৌসুমে লিগ জিতে নেয় তারা। পরে এক মৌসুম বিরতি দিয়ে লিগে সেরা হয় আবার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ধরা দিচ্ছিল না। সেই লক্ষ্যেই ২০১৬ সালে দায়িত্ব দেওয়া হয় গুয়ার্দিওলাকে।
পরীক্ষিত এই কোচ সিটিকে করে তোলেন ইংলিশ ফুটবলের অপ্রতিরোধ্য শক্তি। সবশেষ ৬ মৌসুমে ৫ বার লিগ জিতে নেয় তারা। কিন্তু ক্লাবের লক্ষ্য তো ইউরোপের সেরা হওয়া! বহুকাঙ্ক্ষিত সেই ট্রফির ছোঁয়া অবশেষে এবার পেল তারা।
সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর গুয়ার্দিওলা মজা করে সতর্কবার্তা ছুড়ে দিলেন রেকর্ড ১৪ বারের বিজয়ী রিয়াল মাদ্রিদকে।
“আমরা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে স্রেফ ১৩টি পেছনে! রিয়াল মাদ্রিদ, সাবধান… আমরা আসছি! একটু যদি ঢিল দাও, আমরা কিন্তু তোমাদের ধরে ফেলব!”
তবে মজাটুকু শেষেই আবার বাস্তবতায় ফিরে আসেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়া কতটা কঠিন, তা তো ভালো করেই জানেন তিনি!
এক-দুইবার শিরোপা জিতে পরে হারিয়ে যাওয়ার নজির ইউরোপিয়ান ফুটবলে কম নেই। নিজেদেরকে তাই এখনও ইউরোপের প্রতিষ্ঠিত শক্তি মনে করেন না তিনি। বরং সামনের মৌসুমগুলোতেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা।
“এখন আমাদের এই সাফল্য আছে এবং লোকে বলতে পারবে যে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আছে। তবে এটুকুই যথেষ্ট নয় (ইউরোপের সেরাদের তালিকায় থাকতে)। প্রথম ট্রফি জিতেই হারিয়ে যেতে চাই না। আগামী কয়েক বছরে আমাদের আরও বেশি ঘাম ঝরাতে হবে।”
“পরের মৌসুমেও আমরা এই জায়গায় থাকতে চাই। অনেক দলই চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক-দুই মৌসুম পর আড়ালে চলে যায়। আমাদেরকে তা এড়াতে হবে।”
তবে এবারের জয়ের তৃপ্তি নিয়ে সংবাদমাধ্যমকে মধুর খোঁচা দিতে ছাড়েননি তিনি, “এখন থেকে আপনারা আমাকে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রশ্ন করা বাদ দিতে পারেন!”
