২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রিয়ালের জন্য হলান্ডকে ছাড়ার কোনো ক্লজ নেই'

পেপ গুয়ার্দিওলা কাছে পুরো বিষয়টি স্রেফ গুজব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 06:38 PM

Updated : 06 Oct 2022, 06:40 PM

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার মাস তিনেকের মধ্যে দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন আর্লিং হলান্ড। মাঠে নামলেই গোল করাকে যেন নিয়মে পরিণত করেছেন তিনি। এমন সুখের সময়ে বাতাসে ভাসছে অপ্রত্যাশিত এক গুঞ্জন; ক্লাবটির সঙ্গে নরওয়ে স্ট্রাইকারের চুক্তিতে নাকি একটি ‘রিলিজ ক্লজ’ রয়েছে, যাতে ইচ্ছা করলেই তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন। সিটি কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

আড়াই বছর বরুশিয়া ডর্টমুন্ডে আলো ছড়িয়ে গত গ্রীষ্মের দলবদলে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন হলান্ড। প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে জোড়া গোল করে শুরু করেন নতুন অধ্যায়। এরপর থেকে সিটির জার্সিতে কেবল একটি ম্যাচেই জালের দেখা পাননি তিনি।

প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে হলান্ডের দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমে আসে ওই গুঞ্জনের খবর। তাদের খবর অনুযায়ী, ২২ বছর বয়সী ফুটবলারের চুক্তিতে একটি বিশেষ রিলিজ ক্লজ রয়েছে যেখানে ২০২৪ সালে হলান্ডের সামনে সুযোগ থাকবে রিয়ালে যোগ দেওয়ার!

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে কোপেনহেগেনের বিপক্ষে সিটির ৫-০ গোলে জয়ের পর গুয়ার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল ‘ওই রিলিজ ক্লজ’ প্রসঙ্গে। তিনি বলেন, পুরো বিষয়টি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়।

“(গণমাধ্যমের খবর) এটি সত্য নয়। তার চুক্তিতে রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো দলের জন্য কোনো রিলিজ ক্লজ নেই।”

“আমি এই গুজব দেখে বিরক্ত কি-না? না, একেবারেই না। গুজব এবং মানুষের কথা, এটা নিয়ন্ত্রণ করা যায় না - তাই আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়েই আমাদের সবসময় চিন্তা করতে হবে।” 

গুয়ার্দিওলা বিশ্বাস, সিটিতে খুশি আছেন হলান্ড এবং এখানে তিনি লম্বা সময় থাকবেন।

“গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে (সিটিতে যোগ দেওয়ার পর) দারুনভাবে মানিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে সে এখানে খুব খুশি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

হলান্ডের রিয়ালে যোগ দেওয়ার রিলিজ ক্লজের বিষয়টি গুয়ার্দিওলা উড়িয়ে দিলেও স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার নাম জুড়ে যাওয়া খুব অস্বাভাবিক নয়। সময়ের সেরা ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে আলাদা খ্যাতি রয়েছে দলটির। আর এই মুহুর্তে প্রতিভাবান ও সেরা খেলোয়াড়দের তালিকায় শীর্ষেই থাকবে হলান্ডের নাম।

সিটির হয়ে এরই মধ্যে তিনটি হ্যাটট্রিক করেছেন হলান্ড, ঘরের মাঠে টানা তিন প্রিমিয়ার লিগ ম্যাচে। সবশেষটি গত রোববার ম্যানচেস্টার ডার্বিতে।

কোপেনহেগেনের বিপক্ষেও জোড়া গোল করেন হলান্ড। দ্বিতীয়ার্ধে কোচ তাকে আর মাঠে না নামানোয় সংখ্যাটা আর বাড়েনি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১৯টি গোল করেছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।