২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বত্রিশে বার্সা-রেয়ালের সামনে সহজ প্রতিপক্ষ

কোপা দেল রের শেষ বত্রিশে বার্বাস্ত্রোর বিপক্ষে খেলবে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আরানদিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 08:25 PM

Updated : 12 Dec 2023, 08:39 PM

কোপা দেল রের শেষ বত্রিশে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দল বার্বাস্ত্রোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। একই স্তরের দল আরানদিনার মুখোমুখি হবে রেয়াল।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ বত্রিশের ড্র অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ২০২৩-২৪ মৌসুমের স্প্যানিশ সুপার কাপের চার দল বার্সেলোনা, রেয়াল, আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনা সরাসরি খেলবে শেষ বত্রিশে। 

তৃতীয় স্তরের দল লুগোর বিপক্ষে খেলবে আতলেতিকো। একই স্তরের কাস্তেইয়োনকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওসাসুনা।

আগামী বছরের ৬ ও ৭ জানুয়ারি হবে শেষ বত্রিশের ম্যাচগুলো।

গত আসরের ফাইনালে ওসাসুনাকে হারিয়ে ২০তম বারের মতো কোপা দেল রের শিরোপা জিতেছিল রেয়াল। এই প্রতিযোগিতায় রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।