'নিঃসন্দেহে ইয়ামালের ব্যালন দ'র জেতা উচিত'
বার্সেলোনা অধিনায়কের চোখে, তার দল ও স্পেন জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন লামিন ইয়ামাল।
বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়ার দাবি, এবারের ব্যালন দ’র লামিন ইয়ামালের প্রাপ্য। একই সঙ্গে ব্যাখ্যা করলেন, টিনএজার ফরোয়ার্ডকে কেন তিনি বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন।
গার্ডিয়ানের সঙ্গে আলাপচারিতায় হাফিনিয়া কোনো দ্বিধা ছাড়াই বলেন, অবশ্যই এবার ইয়ামালের ব্যালন দ’র পাওয়া উচিত।
“আমি বিশ্বাস করি, ব্যালন দ’র জয় নির্ভর করে ব্যক্তিগত পরিসংখ্যান, দলের শিরোপা এবং মাঠে তার জাদুকরী পারফরম্যান্সের ওপর। ক্যারিশমা ও এই ধরনের ব্যাপারগুলোর (ভূমিকা থাকে)। আমার মতে, পুরস্কারটি জয়ের জন্য এই ব্যাপারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“আর আমি মনে করি, লামিনের এগুলোর সবই আছে। লামিনের পরিসংখ্যান দুর্দান্ত, শুধু গত মৌসুম নয়, অন্য মৌসুমগুলোতেও। আর এই মৌসুমেও সে শুরুটা দারুণ করেছে। গত মৌসুমে তিনটা শিরোপা জিতেছে, এর দুটি বার্সেলোনার হয়ে, অন্যটি দেশের হয়ে বিশ্বকাপ।”
অনেক দিন ধরেই বার্সেলোনা ও স্পেনের আক্রমণের প্রাণ ইয়ামাল। নিয়মিত প্রত্যাশা পূরণ করে এগিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাফিনিয়ার চোখে, তার এই তরুণ সতীর্থই এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়।
“আমার কাছে সে-ই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তাই আমার মনে কোনো সন্দেহ নেই (যে ব্যালন দ’র তার জেতা উচিত)। আমার মতে, যাই ঘটুক এই পুরস্কার লামিনের প্রাপ্য।
“আর অন্যরা যা বলছে, দিন শেষে প্রত্যেকেই নিজের স্বার্থ দেখে। তবে আমার কাছে এটা খুবই পরিষ্কার, এমনকি আমি যদি লামিনের সতীর্থ নাও হতাম, তবুও। মাঠে সে যা করে, তার যে পরিসংখ্যান, সে যেসব শিরোপা জিতেছে (সবকিছুর জন্য)। আমি মনে করি, শিরোপাগুলো বেশ গুরুত্বপূর্ণ। আমার মতে, তারই জেতা উচিত।”
ইয়ামাল নিজেও দাবি করেছেন, এবার তারই ব্যালন দ’র প্রাপ্য। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই হাফিনিয়া। এতে অবশ্য অনেকেই অবাক হয়েছেন।
