২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের কাছে গাভির দাবি

বার্সেলোনা মিডফিল্ডার গাভি চান, উন্নতির ধারায় থাকুক লামিন ইয়ামাল এবং সবসময়ের সেরাদের একজন হয়ে উঠুক।

ইয়ামালের কাছে গাভির দাবি

লামিন ইয়ামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 08:04 PM

Updated : 22 Sep 2026, 08:04 PM

বার্সেলোনা ও স্পেনের আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠা লামিন ইয়ামালকে উন্নতির ধারায় থাকার তাগিদ দিয়েছেন গাভি। তরুণ এই মিডফিল্ডার ইয়ামালকে সবসময়ের সেরা খেলোয়াড়দের তালিকায় দেখতে চান।

এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন ইয়ামাল। বার্সেলোনার হয়ে জিতেছেন একাধিক লা লিগা ও কোপা দেল রে। স্পেনের হয়ে জিতেছেন ইউরো ও বিশ্বকাপ।

ক্লাব ও জাতীয় দলের সতীর্থ গাভি বললেন, অনুশীলনে প্রতিনিয়ত তাদের চমকে দেন ইয়ামাল।

“সে অসাধারণ। সে খুব ভালো (খেলোয়াড়) এবং অনুশীলনে সে আরও বেশি চমক দেখায়। আমি আশা করি, সে উন্নতি করে যাবে। নিজের সামর্থ্য সম্পর্কে সে জানে, সে সবসময়ের সেরাদের একজন হতে পারে। তাকে মানসিকভাবে ভালো অবস্থায় দেখি, এটাই গুরুত্বপূর্ণ।

“তার ভাবনা পরিষ্কার। তার সামনে দীর্ঘ এক ক‍্যারিয়ার পড়ে আছে। প্রতিদিন এভাবেই তাকে এগিয়ে যেতে হবে। কারণ, আগেও যেটা আমি বলেছি, বর্তমানই গুরুত্ব পায়। প্রতিদিনই তার সবকিছু গভীরভাবে পর্যালোচনা করা হবে।”

চলতি মৌসুমে আরও শিরোপা জয়ের আশায় আছেন ইয়ামাল। লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। শুভসূচনা করেছে চ‍্যাম্পিয়ন্স লিগেও।

এবার দারুণ এক ব‍্যক্তিগত অর্জনের হাতছানিও আছে ইয়ামালের সামনে। সম্ভাব্য ব‍্যালন দ’র জয়ীদের তালিকায় আছেন তিনি।