০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রয়্যাল এনফিল্ডের হান্টার ও ক্ল্যাসিক ৩৫০ মডেলের নতুন সংস্করণ বাজারে

সারা দেশে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত শোরুমে মিলছে এসব মোটরসাইকেল, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 01:54 AM

Updated : 02 Nov 2026, 01:54 AM

দেশের বাজারে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেলের মোটরসাইকেলের নতুন সংস্করণ এনেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।

শনিবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হান্টার ৩৫০ মডেলের আটটি এবং ক্ল্যাসিক ৩৫০ মডেলের তিনটি নতুন রঙের মোটরসাইকেল উন্মোচন করা হয়েছে।

দেশে রয়্যাল এনফিল্ডের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে এগুলো বিক্রি করা হবে।

দুটি মডেলের নতুন সংস্করণেই অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া হান্টার ৩৫০ মডেলে সংযোজন করা হয়েছে এলইডি হেডলাইট ও উন্নত সাসপেনশন।

নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি রঙে। এর মধ্যে ড্যাপার গ্রে, রিও হোয়াইট ও গ্রাফাইট গ্রে রঙের মোটরসাইকেলের দাম ধরা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। আর রেবেল ব্লু, টোকিও ব্ল্যাক, মুনশট হোয়াইট, লন্ডন রেড ও মুম্বাই ইয়েলো রঙের মডেলের দাম পড়বে ৩ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে ক্ল্যাসিক ৩৫০ মডেলের নতুন তিনটি সংস্করণের মধ্যে হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জের দাম ৪ লাখ ৪৫ হাজার টাকা, ডার্ক সিরিজের গান গ্রের দাম ৪ লাখ ৫৯ হাজার টাকা এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিনের দাম ৪ লাখ ৮৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন সংস্করণ উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, “নতুন রঙের সংযোজনের ফলে গ্রাহকেরা নিজেদের ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, নতুন এই মডেলগুলো বাংলাদেশের রাইডারদের মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।”

সারা দেশে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত শোরুমে নতুন এই মোটরসাইকেলগুলো পাওয়া যাচ্ছে।