Published : 20 Sep 2026, 06:23 PM
নতুন মৌসুমে বার্সেলোনায় ছুটে চলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দুই অভিজ্ঞ ফুটবলার হাফিনিয়া ও রদ্রি। তাদের ভূমিকায় উচ্ছ্বসিত দলটির জার্মান কোচ হান্সি ফ্লিক।
সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার চূড়ায় থেকে আন্তর্জাতিক বিরতিতে গেছে বার্সেলোনা। সাত ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পয়েন্ট ২১।
শনিবার রাতে পিছিয়ে পড়া দলের ঘুরে দাঁড়ানোর নায়ক হাফিনিয়া, তিনটি গোলই করেন তিনি। চলতি মৌসুমে প্রায় ম্যাচেই স্ট্রাইকার হিসেবে খেলা ব্রাজিলিয়ান তারকার চার দিনের মধ্যে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।
এবারের লা লিগার এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হাফিনিয়ার গোল হলো সাত ম্যাচে ১২টি, সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আট ম্যাচে তার গোল হলো ১৪টি।
হাফিনিয়ার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। ফ্লিকের মতে, ক্লাবের জন্য এটাই হবে সেরা সিদ্ধান্ত।
“সে যেভাবে ভক্তদের সঙ্গে, দলের সঙ্গে সংযোগ স্থাপন করে, তা দেখলেই আপনি বুঝবেন যে সে একজন নেতা। সে তার সবটুকু দেয়।
“কোচিং স্টাফদের সঙ্গে মিলে আমরা তাকে স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিই এবার। আমার মনে হয়, এ বিষয়ে সে এখন খুশি। এই মৌসুমে সে দুর্দান্ত খেলছে। সেভিয়ার বিপক্ষে আজ দ্বিতীয়ার্ধে সে ছিল অবিশ্বাস্য।”
ম্যানচেস্টার সিটি ছেড়ে গত গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেন রদ্রি। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক দ্রুতই মানিয়ে নেন কাম্প নউয়ে। সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি ট্যাকল করে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফ্লিকের মতে, তার উপস্থিতিতে এখন বল ছাড়া অবস্থায় অনেক বেশি শান্ত বার্সেলোনা।
“বল পায়ে এবং বল ছাড়া- দুই দিক থেকেই রদ্রি অসাধারণ একজন খেলোয়াড়। সে সব কিছু নিয়ন্ত্রণ করে এবং আমাদের পজিশন ধরে খেলায় সে স্থিরতা এনে দেয়। আমি মনে করি, সে পেদ্রি ও সেন্টার ব্যাকদের সঙ্গে খুব ভালো সংযোগ স্থাপন করেছে। সব মিলিয়ে আমি মনে করি, দল যেমন খেলেছে তাতে আমরা খুশি হতে পারি।”