‘অবিশ্বাস্য’ ইয়ামালকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন ফ্লিক
‘এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়’ লামিন ইয়ামালকে বিশ্রামের সুযোগ দিতে পেরে খুশি বার্সেলোনা কোচ।
দারুণ ছন্দে থাকা লামিন ইয়ামালকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ মনে করছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় পুরোটা সময় মাঠে থাকায় তরুণ ফরোয়ার্ডের বিশ্রাম প্রাপ্য।
লা লিগায় শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। দলের প্রথম গোলটি করেছেন ইয়ামাল। পরে তাকেই ফাউল করায় লাল কার্ড দেখেছেন বেতিসের ফাকুন্দো বের্নাল।
৭০তম মিনিটে ইয়ামালকে তুলে নেন ফ্লিক। সে সময় বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের সঙ্গে কথা বলতে দেখা যায় বার্সেলোনা কোচকে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গে জানতে চাওয়া হলে, ইয়ামালের মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেন ফ্লিক।
“যখন ইয়ামালকে তুলে নেই, তখন তাকে বলেছিলাম, তাকে নিয়ে আমি গর্বিত। তবে এই স্কোরলাইনে (৪-১) আমাকে বদল করতে হবে।
“লামিন আজও প্রথম গোলটা করল। অবিশ্বাস্য। তাই আমার মতে, এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে টানা ১১ ম্যাচ জিতেছে বার্সেলোনা। এতে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। এখন পর্যন্ত লা লিগায় ৯ ম্যাচে তিনি আট গোল করেছেন এবং ছয় গোলে অবদান রেখেছেন। মাঠে তার নিবেদনে ভীষণ খুশি বার্সেলোনা কোচ।
“তার পারফরম্যান্সে আমি খুব খুশি। তার কাছ থেকে আমি এটাই দেখতে চাই। অবশ্য সে প্রবল চাপে আছে। সে কেবল ১৯ বছর বয়সী এবং সে এখন পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচ খেলেছে। তবে শতভাগ মনোযোগী এবং সবকিছুর প্রতি শতভাগ নিবেদিত। এটা সত্যিই খুব ভালো।
“তার পারফরম্যান্স ও মনোভাব অবিশ্বাস্য। এটা অনকে বড় খেলোয়াড়ের আচরণ।”
