২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারকে ছাড়াই পিএসজির পুনর্গঠন প্রক্রিয়া?

ফরাসি গণমাধ্যমের খবর, কিলিয়ান এমবাপেকে ঘিরে নতুন শুরুর ছক কষছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 10:34 PM

Updated : 05 Apr 2023, 10:34 PM

লিগ ওয়ানে নিয়মিতই মিলছে প্রত্যাশিত সাফল্য, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আঙিনায় পিএসজি পারছে না মাথা তুলে দাঁড়াতে। অথচ লিওনেল মেসির মতো মহাতারকা, নেইমারের মতো ধারাল ফরোয়ার্ড, কিলিয়ান এমবাপের মতো গোলমেশিন রয়েছে আক্রমণভাগে। নতুন মৌসুম সামনে রেখে তাই নতুন করে ভাবতে বসেছে দলটি। মেসি-নেইমারের যেকোনো একজনকে বাদ দিয়ে অথবা দুজনকেই ছেড়ে দিয়ে তারা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চাইছে বলে খবর এসেছে ফরাসি গণমাধ্যমে।

মূলত এমবাপেকে ঘিরে পিএসজির পুনর্গঠন প্রক্রিয়া শুরুর বিষয়টি উঠে এসেছে ফ্রান্সের গণমাধ্যম লা পার্সিয়ান-এ। তাদেরকে উদ্ধৃতি করে প্রতিবেদন ছাপিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে সম্ভাব্য নানা দিক নিয়ে করা হয়েছে আলোচনা।

মূলত তরুণদের কাঁধে সাওয়ার হয়ে নতুন শুরু করতে চাইছে লিগ ওয়ানের দলটি। এ কারণে সেখানে ৩৫ বছর বয়সী মেসি, ৩১ বছর বয়সী নেইমারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। পিএসজির এক আন-অফিসিয়াল মুখপাত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছিল, সেটা ‘ভেস্তে’ গেছে। নতুন করে তা ফের শুরু করা প্রয়োজন।

এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজে পিএসজির। বর্তমানে দলটি লিগ ওয়ানে শীর্ষে আছে বটে, কিন্তু গত দুই ম্যাচে হেরে বসেছে তারা, যেখানে প্রত্যাশিত পারফরম্যান্সের দেখা মেলেনি। তাতে কর্তৃপক্ষ নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া শুরুর পথে হাঁটার প্রয়োজন অনুভব করছে।

ফিনান্সিয়াল ‘ফেয়ার প্লে’র জন্য দলের পারিশ্রমিক কমিয়ে আনার প্রয়োজনও বোধ করছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি ও ক্রীড়া ম্যানেজার লুইস কাম্পোস। প্রতিবেদনে বলা হয়, ক্লাবটি পরের গ্রীষ্মে পুনর্গঠন প্রক্রিয়া শুরুর জন্য দরকারি রসদ জোগাড় করতে কিছু বিষয় ‘পরিষ্কার’ করতে চাইছে।

এ ক্ষেত্রে শুরুতেই আসছে মেসির নাম। ২০২১ সালের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন আর্জেন্টিনার এই মহাতারকা। তাকে প্রত্যাখ্যান করা অসম্ভব ছিল পিএসজির জন্য। কিন্তু কাতার বিশ্বকাপের পর মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনাটি মূলত এখন বন্ধই রয়েছে।

তারপরও আলোচনা-সমালোচনা চলছে মেসিকে ঘিরে। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তার মোটা অঙ্কের পারিশ্রমিক, বয়স (আগামী জুনে ৩৬ হবে), এগুলো তার চুক্তি নবায়নের বিষয়টি কঠিনতর করে তুলেছে এবং এ বিষয়গুলো তুলে এনেছে লা পার্সিয়ান। এই বিষয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির ইনস্টাগ্রামে করা মন্তব্যও তুলে ধরেছে তারা।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। যদি চুক্তি নবায়ন না হয়, তাহলে কী হবে, তা বুঝে নেওয়া কঠিন কিছু নয়।

তুলনামূলকভাবে মেসির চেয়ে নেইমারের বিষয়টি কিছুটা জটিল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

এই মুহূর্তে নেইমারকে দলে টানতে আগ্রহী ক্লাব খুঁজে পাওয়া কঠিন বেশ কয়েকটি কারণে। একে তো তার বয়স ৩১ বছর, বছর প্রতি পারিশ্রমিকের অঙ্কও দুই কোটি ৬০ লাখ ইউরো, এ ছাড়াও তার চোটপ্রবণ শরীর। অ্যাঙ্কেল ও পায়ের চোটে প্রায়ই ভুগতে হয় নেইমারকে। এর সঙ্গে আছে তার ‘উল্টাপাল্টা’ জীবনযাপনের ইস্যুটিও, যা নিয়ে প্রায়ই সমালোচনার মুখোমুখিও হতে হয় তাকে।

এমবাপেকে এক্ষেত্রে পিএসজির জন্য ‘আদর্শ খুঁটি’ বলা যায় এবং পিএসজির পুনর্গঠন প্রক্রিয়ার জন্য সবদিক থেকে তিনি যুৎসই। বয়স ২৪ বছর, ফরাসি, শক্তিশালী ব্যক্তিত্ব আছে এবং দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

গত রোববারের ম্যাচে পিএসজি সমর্থকদের কাণ্ডও এখানে উল্লেখযোগ্য। লিওঁর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মেসিকে দুয়ো দিয়েছেন তারা। বিষয়টি নিয়ে যদিও সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি ক্ষোভ ঝেড়েছেন, কিন্তু সমর্থকদের মনোভাব যে এমবাপেকে নেতৃত্বে রেখে এগিয়ে যাওয়ার, সেটা প্রকাশ পেয়েছে ঠিকই।

লা পার্সিয়ানের প্রতিবেদনে আরও কিছু বিষয় উঠে এসেছে। বলা হয়েছে, পিএসজি দারুণ শারীরিক সক্ষমতাসম্পন্ন খেলোয়াড়ের খোঁজে আছে। উল্লেখ করা হয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে খেলা রন্দাল কোলো-মুয়ানি, নিসের খেফেরেঁ থুরাম, মোনাকোর ইউসুফ ফোফানার নাম। রিয়াল মাদ্রিদের অহেলিয়া চুয়ামেনি, বায়ার্ন মিউনিখের দায়দ উপেমেকানো রাডারে থাকলেও তাদেরকে পাওয়া কঠিন হবে বলেও উল্লেখ করা হয়েছে।

শেষ পর্যন্ত পিএসজি যদি তরুণদের দিকেই ঝোঁকে, তাহলে প্যারিসে মেসি-নেইমারদের ভবিষ্যৎ পড়ে যাবে অনিশ্চয়তায়। তবে শেষ পর্যন্ত কী হবে, সে উত্তর অবশ্য তোলা থাকছে সময়ের হাতেই।