সংবিধান সংশোধন কমিটিসহ সংসদীয় চার কমিটি পুনর্গঠন
“বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে।”
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিসহ জাতীয় সংসদের চার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংবিধান সংশোধনের বিশেষ কমিটি থেকে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি রেখেই ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদিন, জুনায়েদ আবদুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।
এর আগে কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। পুনর্গঠনের মাধ্যমে দলটির একজনকে বাদ দিয়ে একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে রাখা হল।
প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ বলেন, বিরোধী দলের সদস্যদের জন্য কমিটির দরজা এখনও খোলা রয়েছে। কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে তারা যোগ দিতে পারবেন।
তিনি বলেন, “বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে এবং থাকবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তারা এলে আমরা সংবিধান সংশোধন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করব।”
সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ তৈরি করে সংসদে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব রয়েছে বিশেষ কমিটির।
আরও তিন কমিটি পুনর্গঠন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোসলেহউদ্দিন ফরিদ। বিরোধী দলের অনুরোধে তাকে সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
