রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধের আশায় বের্নার্দো সিলভা
গত আসরে অবিশ্বাস্য নাটকীয়তায় ম্যান সিটির মুঠো থেকে জয় বের করে নিয়েছিল রিয়াল, এবার রিয়ালকে হারিয়ে সিটি ফাইনাল খেলবে বলেই বিশ্বাস এই মিডফিল্ডারের।
আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল, আরও একবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গত আসরেই সেমি-ফাইনালে এই দুই দলের লড়াই এতটা ধ্রুপদি ছিল যে তা নিয়ে চর্চা হতে পারে যুগ যুগ ধরে। সেই দুই দল আবারও সেমির মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে। এটিকে সুযোগ হিসেবে দেখছেন বের্নার্দো সিলভা। গতবার যেভাবে তাদের মুঠো থেকে জয় বের করে নিয়ে গেছে রিয়াল, এবার সেটির জবাব দিতে চান সিটির এই মিডফিল্ডার।
দুই দলই এবার সেমি-ফাইনালে উঠেছে বেশ দাপট দেখিয়ে। কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে চেলসিকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল, বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। এখন অপেক্ষা তাদের মুখোমুখি লড়াইয়ের।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে প্রথম লেগে প্রাণবন্ত লড়াইয়ে সিটি জিতেছিল ৪-৩ গোলে। পরের লেগেও ৮৯ মিনিট পর্যন্ত সিটি এগিয়ে ছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে তখন তারা ৫-৩ গোলে এগিয়ে। ফাইনালে তখন বলা যায় এক পা দিয়েই ফেলেছিল তারা। কিন্তু এরপরই ৯০ ও ৯১ মিনিটে দুটি গোল করে সিটিকে স্তম্ভিত করে দেন রদ্রিগো। ৯৫তম মিনিটে গোল করে রিয়ালকে ফাইনালে তুলে দেন করিম বেনজেমা।
এবার দুই দল মুখোমুখি হওয়ার আগে আলোচনায় সেই ম্যাচ উঠে আসছে অবধারিতভাবেই। বায়ার্নের বিপক্ষে বুধবার দ্বিতীয় লেগের ম্যাচ শেষে টিভিতে আলোচনায় বের্নার্দো সিলভাকে জিজ্ঞেস করা হলো, “প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত?” সিলভা উত্তর দিলেন সরাসরিই।
“আশা তো করি… অবশ্যই। আমরা জানি, এই টুর্নামেন্টে রিয়ালের সঙ্গে লড়াই কতটা কঠিন। তবে আমরা চেষ্টা করব। অবশ্যই করব। আমরা সবসময়ই চেষ্টা করি। তবে আমাদের মনে হচ্ছে, এই মুহূর্তে দল দারুণ আত্মবিশ্বাসী। আমার মনে হয়, আমরাই যাব (ফাইনালে)।”
সিলভার কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য সরাসরি কিছু বললেন না। রিয়ালকে তো তিনি চেনেন ভালো করেই। তিনি শুধু তুলে ধরলেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারানো কত বড় চ্যালেঞ্জ।
“আমার মনে হচ্ছিল, ওদের সঙ্গে দেখা হতে পারে। আমরা টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে উঠে মনে করছি, ‘অবিশ্বাস্য, কী দারুণ!’ কিন্তু তারা ১৩ বছরের মধ্যে ১১ বার সেমি-ফাইনালে উঠল এবার… সব ক্লাবই জানে যে এই টুর্নামেন্ট জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে। আগে এটা ছিল বার্সেলোনা, এখন রিয়াল মাদ্রিদ…।”
সেমি-ফাইনালের প্রথম লেগ রিয়ালের মাঠে ৯ মে, পরের লেগ সিটির মাঠে ১৭ মে।
