২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ইনডোরে সোনা জিতে আরও বড় স্বপ্ন ইমরানুরের

এবার দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য বাংলাদেশের দ্রুততম মানবের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:39 PM

Updated : 12 Feb 2023, 08:38 PM

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছেন ইমরানুর রহমান। তার স্বপ্নের পরিধি এখন আরও বড়। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ান গেমসেও এই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান বাংলাদেশের দ্রুততম মানব।

কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর। দ্বিতীয় হওয়া হংকংয়ের শাক কাম চিং সময় নেন ৬ দশমিক ৬৫ সেকেন্ড।

সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের সেরা টাইমিং গড়েন ইমরানুর। ফাইনালে তা ছাড়িয়ে যান ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোরকে ২৯ বছর বয়সী ইমরানুর বললেন, সাফল্যের এই ধারা তিনি অব্যাহত রাখতে চান ভবিষ্যতেও।

“এই গেমসে বাংলাদেশের জন্য ঐতিহাসিক সোনা জয়ের অনুভূতিটা অসাধারণ। নিজেকে ধন্য মনে করছি। এই সাফল্যের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।”

“ভবিষ্যতে দক্ষিণ এশিয়ান গেমসে একই চেষ্টা করব এবং অন্যান্য বড় টুর্নামেন্টেও ভালো করার চেষ্টা করব।”