২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

দ্রুততম মানব-মানবীর মুকুট ইমরানুর-শিরিনেরই

উদ্বোধনী দিনে নারীদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা আক্তার।

দ্রুততম মানব-মানবীর মুকুট ইমরানুর-শিরিনেরই

ইমরানুর রহমান (বাঁয়ে) ও শিরিন আক্তার। ছবি: অ্যাথলেটিক্স ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 07:29 PM

Updated : 23 Oct 2026, 07:29 PM

দেশের দ্রুততম মানব-মানবীর মুকুট ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিনে নারীদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা আক্তার।

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স শুক্রবার শুরু হয়েছে জাতীয় স্টেডিয়ামে। পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর। ১০ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে মোহাম্মদ ইসমাইল রুপা ও ১০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করে তারেক রহমান তৃতীয় হয়েছেন।

নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার সেরা হয়েছেন ১২ দশমিক ০৮ সেকেন্ড টাইমিং নিয়ে। এই বিভাগে শরীফা খাতুন (১২ দশমিক ২৩ সেকেন্ড) দ্বিতীয় ও সুমাইয়া দেওয়ান (১২ দশমিক ৩৩ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।

জাতীয় পর্যায়ের সাফল্য এবারের এসএ গেমসে কাজে লাগবে বলে বিশ্বাস দ্রুততম মানবী শিরিনের। তবে, আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে আধুনিক সুযোগ-সুবিধার দাবি তুললেন দ্রুততম মানব ইমরানুর।

এদিন জাতীয় রেকর্ড গড়েছেন বর্ষা আক্তার। নারীদের ৪০০ মিটার হার্ডলস ১ মিনিট সময় নিয়ে সেরা হন তিনি। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন সেনাবাহিনীর মোশাররফ হোসেন। হ্যামার থ্রোতে ৫৫ দশমিক ৪০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন গৌরাঙ্গ রায়।

নারীদের ১৫০০ মিটার দৌড়ে ৪ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর প্রিয়া আক্তার এবং পুরুষদের ট্রিপল জাম্পে টানা চতুর্থবারের মতো স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর রতন মৃধা। হাই জাম্পে ১.৬৫ মিটার অতিক্রম করে টানা পঞ্চমবার এবং ক্যারিয়ারে অষ্টমবারের মতো সেরা হয়েছেন সেনাবাহিনীর রিতু আক্তার।