ভুলে ভরা ম্যাচ খেলা ওনানা ‘ঠিক আছে’, জানালেন টেন হাগ
গালাতাসারাইয়ের বিপক্ষে একের পর এক ভুল করা আন্দ্রে ওনানাকে ড্রয়ের জন্য এককভাবে দায়ী করছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
জয়ের প্রবল আশা জাগালেও গালাতাসারাইকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের এই না পারার পেছনে আন্দ্রে ওনানার দায় নেহাত কম নয়। কিন্তু ইউনাইটেড কোচ এরিক টেন হাগ শুধু ওনানাকে দোষ দিতে রাজি নন।
গালাতাসারাইয়ের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপে দুই দলের ম্যাচটি ৩-৩ ড্র হয়। আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ১৮ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। হাকিম জিয়াশ এক গোল শোধ করার পর স্কট ম্যাকটমিনে ফের ব্যবধান বাড়ান। এরপর জিয়াশ ও আকতুরকোগলুর গোলে ড্র করে গালাতাসারাই।
জিয়াশের দুই গোলেই দায় আছে ওনানার। ২৯তম মিনিটে মরক্কোর এই মিডফিল্ডারের ফ্রি কিক তার ধরাছোঁয়ার মধ্যেই ছিল, কিন্তু পারেননি তিনি আটকাতে। ৬২তম মিনিটে জিয়াশের ফ্রি কিকে আবারও পরাস্ত ইউনাইটেড গোলরক্ষক। এবার বল গ্লাভসে নিতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়ান ওনানা।
গোলরক্ষকের এমন পারফরম্যান্সে সমালোচনার স্রোত বয়ে যাচ্ছে। তবে তাকে ঢাল হয়ে আগলে রাখছেন টেন হাগ। দলের ব্যর্থতার দায় কোচ দিচ্ছেন সবাইকে।
“ওনানা ঠিক আছে।”
“এর দায় কারো একার নয়। অবশ্যই ফুটবলে ব্যক্তিগত ভুল পার্থক্য গড়ে দিতে পারে এবং সেটার দায়ও আপনাকে নিতে হবে, কিন্তু এটা সবসময় দলীয় বিষয়।”
গ্রুপ টেবিলের শীর্ষে থেকে বায়ার্ন মিউনিখ নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আগেই। আরেকটি টিকেটের লড়াই চলছে বাকি তিন দলের মধ্যে। ইউনাইটেডকে রুখে দেওয়ার পর গালাতাসারাইয়ের সম্ভাবনা এখন বেশি; ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৪ করে পয়েন্ট কোপেনহেগেন ও ইউনাইটেডের।
নকআউট পর্বে যেতে হলে ইউনাইটেডের সামনের সমীকরণ সহজ নয় মোটেও। নিজেদের শেষ ম্যাচে তাদেরকে কেবল বায়ার্নের বিপক্ষে জিতলেই চলবে না, আশা করতে হবে গালাতাসারাই ও কোপেনহেগেনের মধ্যকার ম্যাচ যেন ড্র হয়। গালাতাসারাই বা কোপেনহেগেন-কেউ জিতলেই বিদায় ঘণ্টা বেজে যাবে ইউনাইটেডের।
খাদের কিনারে দাঁড়িয়ে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের ভালো সময়টুকুর মধ্যেই অনুপ্রেরণা খুঁজছেন টেন হাগ। দলীয় ঐক্যের সুর ধরে রাখতেই বেশি মনোযোগী তিনি।
“আমি মনে করি, (গালাতাসারাইয়ের বিপক্ষে) একটা দল হিসেবে আমরা আসলেই ভালো খেললাম। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আপনারা এই দলটার উন্নতি দেখছেন। এই ম্যাচ থেকে আমি অনেক ইতিবাচক দিক নিচ্ছি। কিছু ভুল আছে। আমি যেমনটা চেয়েছিলাম, দল তেমনি খেলেছে।”
“এমনকি কিছু ধাক্কা খাওয়ার পর আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। স্টক ম্যাকটমিনে ও ফাকুন্দোর তৈরি করে দেওয়া বড় সুযোগগুলো আমাদের কাজে লাগানো উচিত ছিল। আমি হতাশ। কেননা, ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে এখান থেকে শিখব আমরা।”
