পয়েন্ট কাটার ব্যাখ্যা ইউভেন্তুসের কাছে ‘অযৌক্তিক’
সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা আবারও বলেছে সেরি আর দলটি।
সেরি আয় ইউভেন্তুসের পয়েন্ট কাটার জন্য যে লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা অযৌক্তিক মনে হচ্ছে ক্লাবটির। একই সঙ্গে আবারও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তুরিনের দলটি।
দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে সম্প্রতি লিগে ইউভেন্তুসকে ১৫ পয়েন্ট জরিমানা করে ইতালির একটি ফুটবল আদালত। এতে তালিকার তিন নম্বর থেকে এক ধাক্কায় দশে নেমে যায় দলটি।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) কোর্ট অব আপিল সোমবার ৩৬ পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেছে। সেখানে ইউভেন্তুসের অপরাধগুলির ‘পুনরাবৃত্তি এবং দীর্ঘায়িত ধরন’ সম্পর্কিত শাস্তির ব্যাপারটি ব্যাখ্যা করা হয়েছে।
সেই ব্যাখ্যার সমালোচনা করে বিবৃতি দিয়েছে ইউভেন্তুস।
“সম্প্রতি প্রকাশিত নথি ইউভেন্তুস ফুটবল ক্লাব এবং এর আইনী দল মনোযোগ সহকারে পড়েছে এবং গভীরভাবে বিশ্লেষণ করছে। এই নথি বিষয়বস্তুর দিক থেকে, কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে অনুমানযোগ্য, সুস্পষ্টভাবে অযৌক্তিক এবং আইনের পরিপ্রেক্ষিতে ভিত্তিহীন, এর বিরুদ্ধে বেঁধে দেওয়া সময়ের মধ্যে আপিল করা হবে।”
