একটি দল সরকারের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
দেশের ‘একটি রাজনৈতিক দল’ কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব ‘অপরাজনীতিকে’ সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
সেখানে তিনি দেশের রাজনীতি নিয়ে এ মন্তব্য করেন বলে প্রতিমন্ত্রী দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মাদক কারবারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, “আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে।”
স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
