চেলসির শিরোপা জেতা ‘সময়ের ব্যাপার’, বললেন পচেত্তিনো
শিগগিরই চেলসিতে সুসময় ফিরবে বলে বিশ্বাস মাওরিসিও পচেত্তিনোর।
চেলসিকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব নেওয়া মাওরিসিও পচেত্তিনোর পথচলা এখন পর্যন্ত বেশ হতাশাজনক। প্রিমিয়ার লিগে শীর্ষ দশে নেই দলটি। পারফরম্যান্সে নেই কোনো ধারাবাহিকতা। তবে শিগগিরই সুসময় ফিরবে বলে বিশ্বাস চেলসি কোচের।
২০২২-২৩ মৌসুমের ব্যর্থতার পর গত গ্রীষ্মে চেলসির কোচ করা হয় পচেত্তিনোকে। ওই সময়ের দলবদলে দল ছাড়েন অনেক অভিজ্ঞ খেলোয়াড়, দলে যোগ দেন নতুন ১১ জন। তাতেও লন্ডনের ক্লাবটির ভাগ্যে পরিবর্তন আসেনি।
প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১২তম স্থানে আছে চেলসি। এই মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারছে না পচেত্তিনোর দল। লিগে ভালো কিছু না করলে আগামী মৌসুমেও একই পরিণতি হবে তাদের।
সময়টা কঠিন। তবে ইতিবাচকই আছেন পচেত্তিনো। লিগ ম্যাচে শনিবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে চেলসি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দল নিয়ে আশার কথা শোনান এই আর্জেন্টাইন কোচ।
“চ্যালেঞ্জটা বড়, তবে আমি সত্যিই বিশ্বাস করি, আমরা সফল হতে পারব, এটা কেবল সময়ের ব্যাপার… আমরা নিশ্চিতভাবে সফল হব, আপনারা তা দেখতে পাবেন। আজ হয়তো আপনারা বলতে পারেন ‘এই লোকটা পাগল’, কিন্তু আমি পাগল নই। জানি আমি কী করছি।”
মাঝে পিএসজি অধ্যায়ের আগে লম্বা সময় ধরে টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। সেই অধ্যায়ে কোনো শিরোপার দেখা তিনি পাননি। তবে পিএসজির কোচ হিসেবে শিরোপার স্বাদ পান ৫১ বছর বয়সী এই কোচ। চেলসিতেও তেমন কিছুর আশা তার।
“আমি জানি, শিরোপা জেতার অর্থ কী। টটেনহ্যামে থাকার সময় সবাই আমাকে বলেছিল, ‘একটি শিরোপা জিতুন, একটি শিরোপা জিতুন’। আমি প্যারিসে একটি জিতেছি (২০২২ সালে পিএসজির লিগ শিরোপা)।”
“আমার সত্যিই খারাপ লাগছে, কারণ আমরা একটি ভিন্ন অবস্থানে থাকতে চাই। আমরা কখনোই হাল ছেড়ে দেব না, আমরা লড়াই করব।”
