সৌদিতে যৌথভাবে ৬৯তম সিদ্দিকুর
তলানির দিক থেকে সৌদি আরবের এ আসর শেষ করেছেন বাংলাদেশের তারকা গলফার।
‘কাট’ এড়ালেও শেষ পর্যন্ত সৌদি আরবের কোর্সে আলো ছড়াতে পারলেন না সিদ্দিকুর রহমান। যৌথভাবে ৬৯তম হলেন বাংলাদেশের এই তারকা গলফার।
রয়েল গ্রিন গলফ অ্যান্ড কান্ট্রি কোর্সে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে নির্ধারিত পারের চেয়ে চার শট বেশি খেলে এ আসর শেষ করেন সিদ্দিকুর।
পঞ্চাশ লাখ ডলার প্রাইজমানির এই আসরে সিদ্দিকুর জিতেছেন তের হাজার ডলার; বাংলাদেশি টাকার যার পরিমাণ ১৪ লাখের একটু বেশি।
এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতা পিআইএফ সৌদি ইন্টারন্যাশনাল ওপেনে সেরা হয়েছেন মেক্সিকোর গলফার আব্রহাম আনসের। তিনি জিতেছেন ১০ লাখ ডলার।
