ঘুরে দাঁড়াতে দলবদলের দিকে তাকিয়ে ক্লপ
সঠিক খেলোয়াড় আনতে পারলে উন্নতি হবে, আশায় লিভারপুল কোচ।
চলতি মৌসুমটা একদমই ভালো কাটছে না লিভারপুলের। এর জন্য নিজেকে কিংবা খেলোয়াড়দের কাঠগড়ায় তুলছেন না ইয়ুর্গেন ক্লপ। তবে মানছেন বাস্তবতা। তাই প্রয়োজন দেখছেন দলে পরিবর্তন আনার। পরের মৌসুমে ভালো করতে তাকিয়ে আছেন আগামী গ্রীষ্মের দলবদলের দিকে।
গত মৌসুমে ইংলিশ লিগ কাপ ও এফ কাপ জিতেছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে হয়েছিল রানার্স-আপ। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে ছিল শেষ অবধি। মৌসুম শেষ করেছিল দ্বিতীয়স্থানে থেকে।
কিন্তু এবার যেন নিজেদের খুঁজে ফিরছে লিভারপুল। শিরোপাশূন্য মৌসুম পার করতে হবে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।
২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে আছে লিভারপুল। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১০ পয়েন্ট পিছিয়ে। লিগে সবশেষ তিন ম্যাচ থেকে কেবল একটি পয়েন্ট পেয়েছে তারা।
ঘরের মাঠে রোববার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে ক্লপ বললেন, ঘুরে দাঁড়াতে পরবর্তী দলবদলের দিকে তাকিয়ে তিনি।
“সময়টা এখন সত্যিই ভালো যাচ্ছে না। আমি স্থানীয় নই, তাই ইংরেজিতে ভালোভাবে বোঝাতে পারছি না… আমি গত বছরের চেয়ে এবার খারাপ ম্যানেজার হয়ে যাইনি, অবশ্যই না। এর অর্থ এটা নয় যে, ফলাফল যথেষ্ট ভালো, মোটেই নয়। কিন্তু আমি খারাপ হয়ে যাইনি।”
“আর খেলোয়াড়রাও খারাপ নয়। তারা স্রেফ বাজে খেলেছে। এটাই কারণ। তবে হ্যাঁ, খেলোয়াড় স্মার্ট রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা অবশ্যই উন্নতি করব। এখন এটাই পরিকল্পনা।”
