মুন্সীগঞ্জে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চালকের অদক্ষতা ও গাড়ির ফিটনেসই এসব দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ।
মুন্সীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।
রোববার ভোর ৫টায় মাওয়া ওজন স্টেশনের কাছে ও সকাল সাড়ে ৯টায় পদ্মা উত্তর থানা পয়েন্টের সামনে দুর্ঘটনা দু্ইটি ঘটে বলে জানান পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন।
ওসি আলমগীর জানান, সকাল সাড়ে ৯টায় পদ্মা সেতুতে প্রবেশের আগের পয়েন্ট বঙ্গবন্ধু এক্সপ্রেসেওয়ের পদ্মা উত্তর থানার কাছে একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।
এ সময় শরীয়তপুরগামী বেপরোয়া গতির মাইক্রোবাসটির ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী এক নারী নিহত হন। আহত হন সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোতালেব মিয়া এবং পানি বিক্রেতাসহ ৪ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল মোতালেব মারা যান। নিহত দু’জনের মরদেহ পদ্মা উত্তর থানার রাখা আছে।
ওসি আরও বলেন, এর আগে ভোর ৫টায় মাওয়া ওজন স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে পিকাপভ্যানের ধাক্কায় মারা যান এক মাছ ব্যবসায়ী এবং আহত হয়েছেন দুইজন।
নিহত মেহেদি হাসান প্রিন্সের (২৬) বাড়ি যশোরে। তার মরদেহ হাসাড়া পুলিশ ফাঁড়িতে রাখা রয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, গাড়ির চালকরা পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি সরিয়ে জব্দ করে থানায় রাখা হয়েছে। চালকের অদক্ষতা ও গাড়ির ফিটনেসই এসব দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে।
