২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানায় অস্থিরতায় ‘ইন্ধনদাতাদের’খোঁজা হচ্ছে: পুলিশ

এ মুহূর্তে আন্দোলনে না গিয়ে শ্রমিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের এক নেতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 09:59 PM

Updated : 25 Oct 2023, 10:08 PM

বেতন বৃদ্ধির দাবিতে সম্প্রতি গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। ‘তথ্য পেয়ে’ অসন্তোষ সৃষ্টির পেছনে ‘ইন্ধনদাতাদের’খোঁজা হচ্ছে বলে  জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম।  

বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনারের মিলনায়তন কক্ষে তৈরি পোশাক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান মাহবুব আলম।

অনুষ্ঠানে বিএজিএমইএর পরিচালক মো. মনসুর খালেদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন তৈরি পোশাক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ও সম্প্রতি শ্রমিক অসন্তোষ সৃষ্টির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ডের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানা এলাকায় কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি না করতে শ্রমিক এবং সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত তৈরি পোশাক শ্রমিক নেতাদের উদ্দেশে মাহবুব আলম বলেন, পোশাক কারখানায় যেন কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সামনে বিরোধী দলের আন্দোলনের যে কর্মসূচি আছে তার সঙ্গে শ্রমিকদের আন্দোলনের যেন সম্পর্ক তৈরি না হয়, সে দিকেও অ্যালার্ট থাকতে পোশাক সংগঠনের নেতাদের বলা হয়েছে।

তিনি আরও বলেন, “পোশাক শ্রমিক নেতারা আমাদের জানিয়েছেন, দু’একটি কারখানায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাতে কারো ইন্ধন দেখছেন তারা।

“আমাদের কাছেও এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য আছে।”

স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশরেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাকিল আহমেদ বলেন, “আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সামনে বিরোধীদলের আন্দোলন সমাবেশকে বেগবান করতে অনেকেই পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। আমরা এ ব্যাপারে শ্রমিকদের সচেতন করছি। এ সরকারের আমলে কয়েক দফা বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আবারও বেতন নিয়ে মজুরি বোর্ডে আলোচনা চলছে।”

এ মুহূর্তে শ্রমিকদের আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টঙ্গি আঞ্চলিক কমিটির অর্গনাইজার শেখ রুবেল বলেন, “আমরা এ সেক্টরে বিশৃঙ্খলা চাই না। যারা বিশৃঙ্খলা করছে, তারা শ্রমিক নাকি বহিরাগত, সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হউক।”

বিজিএমইএর সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান বলেন, “শ্রমিকদের বেতন নিয়ে সরকার ওয়েজ বোর্ড গঠন করেছে। বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি উভয় পক্ষই আছে। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ওয়েজ বোর্ড একটা মজুরি নির্ধারণ করবে। তার আগেই এ ধরনের আনরেস্ট করে ওয়েজ বোর্ডের ওপরে প্রেসার ক্রিয়েট করে বেতন বাড়ানোর সুযোগ নাই।

“বেতন তো এখনও সরকার নির্ধারণই করেনি। ওয়েজ বোর্ড তো সরকারের আন্ডারে। বেতনটা ফিক্সড হবে, তারপর বলা যাবে- তা কম না বেশি হয়েছে। তাদের পছন্দ হলো নাকি হলো না, তখন প্রশ্ন উঠবে।”

বর্তমান এ নিয়ে আন্দোলনের পেছনে কারো ইন্ধন আছে বলে মনে করেন বিজিএমইএর সাবেক এ সভাপতি।