বগুড়ায় ‘মোটরসাইকেল ছিনতাইয়ে’ বাধা দেওয়ায় সাংবাদিককে মারধর
রাস্তায় এক ব্যক্তির বাইক কেড়ে নেওয়ার সময় সাংবাদিক প্রতীক প্রতিবাদ করলে তার ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ায় মোটরসাইকেল ‘ছিনতাইয়ে’ বাধা দেওয়ায় এক সাংবাদিককে মারধর করা হয়েছে; আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মঙ্গলবার দুপুর দেড়টায় দিকে শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান।
আহত জোজিফ হোসেন প্রতীক (৩১) ইনডিপেনডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরো অফিসের প্রতিবেদক। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতীক বলেন, তার স্ত্রী পশ্চিম ঠনঠনিয়া এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন। দুপুরে সেখান থেকে ফেরার সময় তিনি দেখতে পান, রাস্তার ওপর একজনকে মারধর করছে ‘স্থানীয় কয়েকজন সন্ত্রাসী’।
“এরা এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা লোকটির মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। কারণ জিজ্ঞেস করতেই ওরা বলে উঠে, ‘তুই কে?’ আমি পরিচয় দেওয়ার পর তারা এলোপাতাড়ি মারধর শুরু করে।”
প্রতীক বলেন, “প্রথমে সুমন, তার ভাই কাদের এবং শামীম ছিল। পরে আরো চার থেকে পাঁচজন আমার হেলমেট কেড়ে নিয়ে মাথায় এবং বুকে কিল-ঘুষি মারে।
“এক পর্যায়ে মোবাইল বের করে সহকর্মী ও পুলিশকে খবর দেই। এ কারণে তারা হাত থেকে মোবাইল, চাবিসহ মোটরসাইকেল কেড়ে নেয়।”
হামলাকারীদের মধ্যে একজন সেখান থেকে প্রতীকের মোটরসাইকেল সরিয়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে তারা মোবাইল ও বাইকের চাবি দিয়ে চলে চলে যায়। পুলিশ গিয়ে প্রতীককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু বলেন, “হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”
হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে আমাদের তিনটি টিম ঘটনাস্থলে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”
