মানুষ অসহযোগ করে বিএনপিকে হটিয়ে দেবে: ওবায়দুল কাদের
শনিবার সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাটে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে ‘পরগাছা’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নোয়াখালী-৫ আসনের নৌকার প্রার্থী বলেন, “লন্ডনে বসে দণ্ডিত আসামি তারেক রহমান রিমোট কন্ট্রোলে বিএনপি চালায়। তারেক মনে করেছে, বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে অসহযোগ হয়েছে। আজ তারেকের কথায় অসহযোগ নেই।
“বাংলাদেশের জনগণ তারেকের সঙ্গে অসহযোগিতা করবে, অসহযোগ করবে। অসহযোগ করে বিএনপি নামক পরগাছাকে হটিয়ে দেবে।”
শনিবার সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাটে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনাকে আমরা আবারও চাই। গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে, বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।”
“এবারের নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমরা জানিয়ে দিতে চাই সারা বিশ্বকে, আমাদের নেতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তাকে যারা হটাতে চায় আমরা তাকে হটিয়ে দেব।
এ সময় দলীয় নেতাকর্মীদেরকে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
