মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবারের সঙ্গে মাগুরায় নানা বাড়িতে বেড়াতে আসেন লাবণ্য।
মাগুরা সদরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গীর মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী।
নিহত ১৪ বছর বয়সী লাবণ্য আক্তার কথা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের শফিউল আলমের মেয়ে।
নিহতের খালাত ভাই সালভিন আলম বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবারের সঙ্গে শ্রীপুর উপজেলার গোয়ালপাড়ায় নানাবাড়ি বেড়াতে আসে লাবণ্য। দুপুর ১টার দিকে ঢাকা যাওয়ার জন্য ইজিবাইকে করে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশে রওনা করেন তারা।
পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আহত হয় লাবণ্য। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি শেখ সেকেন্দার।
