২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে জিম্মি করে টাকা লুট, পালানোর সময় আটক ৬

এক ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসে পালানোর সময় ডাকাতরা ধরা পড়েন বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:23 PM

Updated : 25 Aug 2023, 09:45 PM

নারায়ণগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে জিম্মি করে টাকা লুটে পালানোর সময় ছয় জনকে আটক করেছে পুলিশ৷

বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্দা এলাকায় তল্লাশি চৌকিতে মাইক্রোবাসসহ তাদের আটক করার কথা জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷

জিম্মির শিকার ব্যক্তি ও লুটে নেওয়া টাকা উদ্ধার করে পুলিশ৷

এছাড়া আটকদের মাইক্রোবাস থেকে চারটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি পুলিশ লেখা কটি, অকেজো ওয়্যারলেস, এক জোড়া হাতকড়া, চাইনিজ কুড়াল, টর্চ লাইট ও লাঠিসোঁটা জব্দের কথা জানায় পুলিশ৷

আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার শামিম হোসেন (৩৫), উজিরপুর উপজেলার সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট মো. মিলন (৪৬), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আরিফুল ইসলাম (২৬), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাহিদুল ইসলাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন (৩০) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মো. নয়ন (২৬)৷

মৃণাল কান্তি রায় নামে ওই ব্যক্তিকে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের নয়াপুর থেকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ জানায়।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র চাইলাউ মারমা জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য৷ তাদের মধ্যে একজন সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট৷ তারা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লোকজনকে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়৷

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টয়োটা কোম্পানির একটি মাইক্রোবাস পাকুন্দা সেতু এলাকায় পুলিশের তল্লাশি ফাঁড়ি অতিক্রম করার সময় জিম্মি ব্যক্তি গাড়ির ভেতর থেকে চিৎকার করেন৷ পরে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়৷

চাইলাউ মারমা বলেন, মৃণাল কান্তি নামে ওই ব্যক্তিকে ডিবি পরিচয়ে জিম্মি করে গাড়িতে তোলা হয়েছিল। পরে সোনা চোরাকারবারি আখ্যা দিয়ে তার হাত-পা ও চোখ বেঁধে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েন ডাকাররা৷

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷