হবিগঞ্জে ইজিবাইক-কভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৩
চুনারুঘাট থেকে নতুন ব্রীজের উদ্দেশে ছেড়ে আসা কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ইজিবাইক চালক তানিম আহমেদ (২৫), একই উপজেলার রামশ্রী আলাপুর গ্রামের আনোয়ার আলীর কন্যা তামান্না আক্তার (১৪) ও দুর্গাপুর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)।
আহত হয়েছেন- নিসফা বেগম (৩৮) ও হেনা আক্তার (১৬)। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক প্রজিৎ কুমার জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রীজের উদ্দেশে ছেড়ে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ব্যাটারিচালিত অটোরিকশা ও কভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।
ওই সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
