বগুড়ায় মরা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
ওই মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান উপজেলার সহকারী কমিশনার।
বগুড়ার সোনাতলা উপজেলায় মরা গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার এ জরিমানা করেন বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম জেলাল বেপারী। গোশাইবাড়ি গ্রামের বাসিন্দা জেলাল চরপাড়া বাজারের সততা গোশত ভান্ডারের স্বত্বাধিকারী।
সহকারী কমিশনার কুরশিয়া আক্তার বলেন, “জেলাল কসাইকে সতর্ক করার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।”
প্রাণিসম্পক কর্মকর্তা নুসরাত জাহান বলেন, সকালে বাজারের মাংস থেকে পচা গন্ধ বের হলে ক্রেতারা বিষয়টি হাটের ইজাজারাদারকে জানান। এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
“খবর পেয়ে সেখানে গিয়ে মাংস যাচাই করে বোঝা যায়, এটা আজকের জবাই করা গরুর মাংস না। মাংস ও কলিজার অবস্থা খুবই খারাপ। আজকে জবাই করা মাংস হলে রক্ত তাজা থাকত। ওই মাংসে রক্ত ছিল না, যেটুকু ছিল তাও কালো রঙের।”
মাংস বিক্রির জন্য প্রাণী জবাই করার আগে চিকিৎসক দ্বারা পরীক্ষা করার নিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “এটি আমাদেরই তত্ত্বাবধান করার কথা। কিন্তু জনবল কম দেখে তা করা সম্ভব হয় না। তবে হাট ইজারা কর্তৃপক্ষ নিয়ম করছে, ইজারা কমিটি ও ফিল্ড কর্মীর উপস্থিতিতে প্রাণী জবাই করতে হবে।”
