নারীদের ভোটকেন্দ্রে আনতে বাড়ি বাড়ি গিয়ে বার্তা
মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক শত শত টিম করে নেতাকর্মীরা দুয়ারে দুয়ারে গিয়ে ভোটকে উৎসবমুখর করতে প্রচার চালিয়ে যাচ্ছেন।
নেত্রকোণায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগ।
প্রতীক বরাদ্দের পর থেকে জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার পাঁচটি আসনের জন্য কেন্দ্রভিত্তিক শত শত টিম করে নেতাকর্মীরা দুয়ারে দুয়ারে গিয়ে ভোটকে উৎসবমুখর করতে প্রচার চালিয়ে যাচ্ছেন। দুপুর থেকে রাত পর্যন্ত নৌকা প্রতীকের প্রচারের পাশাপাশি এই কাজ করছেন তারা।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, “গ্রামাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে নিরক্ষর ও স্বল্প শিক্ষিত নারীই বেশি। সচেতনতার অভাবে নারী ভোটারের সিংহভাগই ভোটের দিন নিজের ভোটটি দেন না।
“জেলায় ৫০০ দলের প্রায় ৫ হাজার নারী নির্বাচনি আচরণবিধি মেনে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের ভোটাধিকার নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন।”
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি শাহেদ পারভেজ বলছেন, “কেন্দ্রে নারীদের ভোট প্রদান শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ১০টি উপজেলা আর ৪টি পৌরসভা নিয়ে গঠিত নেত্রকোণা জেলায় পাঁচটি সংসদীয় আসনে ভোটার ১৮ লাখ ৯৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে ৯ লাখ ৩৬ হাজার ৪৮৫ জন ভোটারই নারী।
পাঁচটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন আইনপ্রণেতা হওয়ার দৌড়ে আছেন। ৭ জানুয়ারি জেলায় ৬৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানের দেওয়া তথ্যমতে, ভোট কেন্দ্রগুলোর মধ্যে ২৪৫টি সাধারণ আর ২৮৮টি ঝুকিপূর্ণ এবং বাকি ১৪০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের টিমের সদস্য হায়েতেন্নেছা তৃষা বলেন, বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। ভোটারদের বোঝাচ্ছেন ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ। অনেকেই ভোটে না যাওয়ার কথা বললেও এখন তারা বুঝতে পেরেছেন।
টিম সদস্য মুর্শিদা শিরীন চিশতী মুক্তি বলেন, “আশা করছি ভোটের দিন নারী ভোটাররা দলবেঁধে কেন্দ্রে যাবেন। ভোটে নারীর ব্যাপক উপস্থিতি হবে।”
আরেক টিম সদস্য ফাহমিদা সুলতানা সাথী বলেন, “নারী ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের যে অনুভূতির প্রকাশ পাচ্ছি তা অসাধারণ। তাদেরকে বোঝানোর পর তারা ভোটের অধিকার বিষয়ে বুঝতে পারছেন। ভাল সাড়া পাচ্ছি।”
টিম সদস্য সালমা পারুল বলেন, নেত্রকোণার প্রত্যন্ত অঞ্চলেও নারীরা ভোট দেওয়ার জন্যে মুখিয়ে আছেন। ৭ তারিখের নির্বাচনে নারী ভোটের উপস্থিতি হবে অভাবনীয়।
এদিকে নারী ভোটাররাও বলছেন, তাদের বাড়ি বাড়ি টিম যাচ্ছে। তারা ভোট দিতে আগ্রহী।
সদরের ইসলামপুর এলাকার হরিজন পল্লীর সুমিতা লালমনি বলেন, “ঘরে অনেক কাজ। কাজ ফালায়া ভোট দিতে যাইতাম না ভাবছিলাম। ওখন ভাবছি নির্বাচনের দিন সকালেই কেন্দ্রে যাইয়া ভোট দিয়াম।
একই কথা বললেন আরেক নারী অনিতা গোসাই। তিনি বলেন, “পোলাপান (সন্তান) লইয়া হারাদিন সংসার টাইন্যাই পারি না। ভোট দেওয়ার সময়ই নাই। মহিলারা আইছিল হেরা বুঝাইছে। ভোটটার আনেক দাম। যাইয়াম। ভোটটা দিয়া আইয়াম। আমারার হারাবছর খোঁজ লয়। আমারা ভালা-খারাপের সাথে থাহে তারেই ভোটটাই দিয়াম।”
