মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
বাড়ির কাছে একদল মুখোশধারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে।
মাদারীপুরে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আছমত আলী খান সড়কে এ ঘটনা ঘটে।
আহত মজিবুর রহমান খান (৬৬) সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, তিনি রাত সাড়ে ৯টার দিকে শাক-সবজি কিনে সদর মডেল থানার সামনে থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। বাসার কাছে পৌঁছালে চার থেকে পাঁচ জনের একদল মুখোশধারী তার গতি রোধ করে।
“কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে।”
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি মনোয়ার হোসেন আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।
