২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘাত : কক্সবাজারের ৬ মামলায় আসামি ১২ হাজার

পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করেছে; একটি হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির স্ত্রী।

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘাত : কক্সবাজারের ৬ মামলায় আসামি ১২ হাজার

চকরিয়ার চিরিঙ্গা এলাকায় হামলা ও ভাঙচুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 10:16 PM

Updated : 16 Aug 2023, 10:41 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ছয়টি মামলা হয়েছে।

এর মধ্যে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করেছে; একটি হত্যা মামলা করেছেন মঙ্গলবার চকরিয়ায় নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী।

এসব মামলায় ৪৬৭ জনের নাম উল্লেখসহ ১১ হাজার ৯০০ জনকে আসামি করা হয়েছে বলে বুধবার রাতে জানিয়েছেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

তিনি বলেন, “মঙ্গলবার বিকালে কক্সবাজার সরকারি কলেজের সামনের ইলিয়াস মিয়া স্কুল সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। জানাজা শেষে ঘরে ফিরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়, সরকারি যানবাহন ভাঙচুর করে।

“এ ঘটনায় বুধবার বিকালে কক্সবাজার সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।”

এছাড়া একই ইস্যুতে মঙ্গলবার বিকালে চকরিয়ায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছে বলে জানান এসপি। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা এবং নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা বাদী হয়েছে আরেকটি মামলা করেছেন।

পুলিশের দুই মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মোট পাঁচ হাজার জনকে।

এছাড়া নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ নেই জানিয়ে এসপি বলেন, “ওই মামলায় আড়াই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।”

চকরিয়ার থানা জানিয়েছে, এসআই মো. আল ফোরকান এই দুই মামলার বাদী।

এছাড়া পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনায়ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। এতে ১৫১ জনের নাম উল্লেখ করে ১ হাজার ১০০ জন করে দুইটি মামলায় মোট ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানিয়েছেন, এসআই মুফিজুল ইসলাম এই দুই মামলার বাদী।

ওসি বলেন, “পেকুয়ায় দায়ের হওয়া মামলা দুটির প্রধান আসামি পেকুয়া সদর জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু। বাকি আসামিদের মধ্যে বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদিউল আলম জিহাদি, পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালামের নাম রয়েছে।”

তবে এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ।

আরও পড়ুন:

পুরনো খবর:

চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা থেকে সংঘর্ষ, নিহত ১
পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা