হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতার সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত
“গ্রামটি দাঙ্গাপ্রবণ। পুলিশ সতর্ক অবস্থানে আছে।“
হবিগঞ্জের লাখাই উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মোড়াকরি ইউনিয়নের বর্তমান সদস্য ও বিএনপির কর্মী হিরা মিয়া এবং সাবেক ইউপি সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম (৩০) ওই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আগেও উভয় পক্ষ বেশ কয়েবার দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে।
“সকালে আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। জহিরুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, “গ্রামটি দাঙ্গাপ্রবণ। পুলিশ সতর্ক অবস্থানে আছে।“
