দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল চালক-হেলপারের
শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা ও সার বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) ও সহকারী রেজোয়ান (২৮); দুজনেরই বাড়ি জয়পুরহাট জেলার চৌমনী এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “দিনাজপুরের দিকে থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক এবং দিনাজপুর শহরমুখী সারবোঝাই একটি ট্রাক ঘোড়াঘাট টিঅ্যান্ডটি মিশন মোড় এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনেই দুমড়ে-মুচড়ে যায়।”
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে ওসি আসাদ জানান।
তিনি বলেন, নিহতরা ভুট্টার ট্রাকের চালক ও হেলপার।
দুর্ঘটনায় পরা দুটি ট্রাকই জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।।
