২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শিশু সাংবাদিকতার তিনদিনের কর্মশালা শুরু

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 02:33 PM

Updated : 11 Dec 2023, 02:33 PM

রাঙামাটিতে শুরু হয়েছে শিশু সাংবাদিকতা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্মেলন কক্ষে কর্মশালাটির উদ্বোধন হয়েছে; শেষ হবে আগামী বুধবার।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।

এখানে শিশুদের সাংবাদিকতা, শিশু অধিকার এবং তাদের সৃজনশীলতা বিকাশে সম্পৃক্ত নানা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ।

তিনি বলেন, “এই জাতির অসংখ্য অর্জনের সাথে সাংবাদিকতার নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে। সুসাংবাদিকতাই একটি জাতিকে সমৃদ্ধ করে উন্নয়নের পথে ধাবিত করতে পারে।”

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “শিশুদের এই বয়সেই সাংবাদিকতার মত সমৃদ্ধ ও দায়িত্বশীল পেশা সম্পর্কে বিশদ জানানো এবং তাদের অধিকার সম্পর্কে অবগত করার এই প্রয়াস প্রশংসনীয়। এটা শিশুদের বিকাশ ও স্মার্ট হওয়ার পথে বিরাট পাথেয় হতে পারে।”

তিনি বলেন, “এসব উদ্যোগের মাধ্যমেই উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে উঠবে এবং সোনার বাংলা এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।”

এতে আরও বক্তব্য দেন ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মং ইয়াই, কর্মশালার প্রশিক্ষক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আফরিন মীম এবং রাঙামাটি জেলা প্রতিনিধি ফজলে এলাহী।