‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত
তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।
‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বরখাস্ত হওয়া উপ-সহকারী প্রকৌশলীর নাম ইফতে খাইরুল ইসলাম।
চিঠিতে বলা হয়, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
পরে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধি মোতাবেক ইফতেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় বিধি মোতাবেক তিনি খোরপোশ ভাতা পাবেন।
সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিত ইফতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে চিঠিতে বলা হয়েছে।
ইফতের ঘুষ দাবির ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে পাঁচ হাজার টাকা দাবি করছেন ইফতে। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও নয় হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে তিন হাজার টাকা গ্রহণ করেন ইফতে।
তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে ইফতে খাইরুল সাংবাদিকদের বলেন, “এটি সম্পূর্ণ অসত্য তথ্য।” তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ছড়ায়।
ঘটনার পরদিন ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত চিঠিতে নুরুল আমিনকে বরখাস্ত করা হয়।
