১৪ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
২০০৯ সালের ২৬ জুন বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কালাই থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন আরিফ।
জয়পুরহাটের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৪ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত জ্যেষ্ঠ পুলিশ সুপার রফিকুল ইসলাম।
গ্রেপ্তার আসামির নাম আরিফ হোসেন (৩৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, ২০০৯ সালের ২৬ জুন বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কালাই থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন আরিফ। ওই বছরই আদালত থেকে জামিনে বেরিয়ে পালিয়ে যান তিনি।
গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার বিশেষ ট্রাইব্যুনাল আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেয়। মূলত এ রায়ের পর থেকেই তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
পরে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আরিফকে গ্রেপ্তার করে এবং বিকালে পাঁচবিবি থানায় হস্তান্তর করে।
