২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুঁটির জোরে’ শ্রমিক থেকে কারখানার মালিক

নাটোরের বড়াইগ্রামের কারখানায় প্রতিদিন অন্তত ৭০ জনের কাজের সুযোগ হয়।

‘খুঁটির জোরে’ শ্রমিক থেকে কারখানার মালিক

সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় ব্যস্ত শ্রমিকরা

তারিকুল হাসান

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 04:12 PM

Updated : 17 Nov 2023, 07:29 PM

জীবন শুরু করেছিলেন সিমেন্টের খুঁটি তৈরির একজন শ্রমিক হিসেবে, তারপর ধীরে ধীরে নিজেই হয়েছেন দুটি কারখানার মালিক। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মায়া ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. আব্দুর রহমান উদ্যোক্তা হিসেবে শুধু নিজের জীবন নয়; স্বাবলম্বী করেছেন প্রায় ৮০টি পরিবারকে।

দুটি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে ৬০০ থেকে সাড়ে ৬০০ খুঁটি। এসব খুঁটি চলে যাচ্ছে নাটোর, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকা বিনিয়োগের বিপরীতে রহমানের ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ থাকে।

বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরোইল গ্রামের সরু রাস্তার পাশে খুঁটি তৈরির কারখানায় গিয়ে দেখা গেল বিশাল কর্মযজ্ঞ। খুঁটি ঘাড়ে নিয়ে চলছে দৌড়াদৌড়ি-ছোটাছুটি।

শো-শো শব্দে ডিজেলচালিত শ্যালো মেশিনে ঘুরছে লোহার চাক্তি, সঙ্গে পাক খাচ্ছে লোহার ফ্রেমে শক্ত করে আঁটা সিমেন্টের খুঁটি। স্থানীয় প্রযুক্তিতে তৈরি ভাইব্রেশন নামের মেশিনের পেছন থেকে কলকাঠি নাড়ছেন এক যুবক। সুইচ চাপতেই মেশিন থেকে বেরিয়ে আসা ফ্রেমে বন্দি খুঁটি নিয়ে দুই যুবকের দৌড়, আরও দুইজন আরেকটি ভেজা খুঁটি মেশিনে বসাতেই আবার সুইচে চাপ দিলেন পেছনের কারিগর।

অন্যদিকে টিনের ছাপড়া ঘরে লোহার ফ্রেমে খুঁটির ছাচে জিআই তারের খাঁচা একজন বসিয়ে দিতেই নিচে পাথর, বালু, সিমেন্টের মসলা দিয়ে মুহূর্তেই তিনজন ভরে ফেললেন ফ্রেম। মশলায় ভর্তি সে ফ্রেমের দুই মাথা দুজন বাধা শুরু করলে আরও চারজন শক্ত লোহার ক্লিপে মোড়াল খুঁটিটি। এরপর আবার খুঁটি ঘাড়ে নিয়ে দুজনের দৌড়।

এসবের মধ্যেই কথা হয় কারখানার মালিক মো. আব্দুর রহমানের সঙ্গে। ত্রিশোর্ধ্ব এই যুবক নিজেও ব্যস্ত ছিলেন গোল চাক্তিতে পেঁচানো লোহার তার কাটতে। পরনে ছিলো ছেঁড়া ফুলহাতা সাদা শার্ট আর হাঁটুর নিচ পর্যন্ত উঠানো ময়লা ট্রাউজার।

লাইনে সাজানো সিমেন্টের খুঁটি দেখাতে দেখাতে কারখানার একজন শ্রমিক থেকে মালিক হওয়ার পেছনের গল্প বললেন তিনি।

মো. আব্দুর রহমান বলেন, এক বছর বয়সে মাকে হারিয়ে ছয় বছর পর হারান বাবাকে। বিভিন্ন কারখানায় মাসে ৫০ থেকে ২০০ টাকা বেতনে চাকরি করতে করতে মামার খুঁটির কারখানায় কাজ করার সুযোগ পান। দিনে মজুরি ৫০ টাকা।

মায়া ট্রেডার্সের এই স্বত্তাধিকারী জানান, ছয় বছর আগে দুই লাখ ৮০ হাজার টাকায় একটি কারখানা বিক্রির খবর পান তিনি। কিন্তু হাতে ছিল গরু বিক্রির মাত্র ৪০ হাজার টাকা। পরে চাচার কারখানায় দেড় বছর কাজ করে দেওয়ার চুক্তিতে আর্থিক সহায়তা পান। এভাবেই খুঁটি তৈরির ছোট একটি কারখানার মালিকানা পান তিনি।

এরপর ধীরে ধীরে ব্যবসা বাড়ান রহমান। ব্যবসায় উন্নতি হলে কিনে ফেলেন আরও একটি কারখানা। পাঁচ থেকে ছয়জন মিস্ত্রি দিয়ে শুরু করে দুই কারখানায় এখন ৮০ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

তিনি জানান, খুঁটির কারখানায় পরিশ্রমের টাকা থেকেই পাঁচ বিঘা জমি আর বাড়ি করেছেন। দীর্ঘ ছয় বছর কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আয় করেছেন প্রায় এক কোটি টাকা।

কিভাবে খুঁটিগুলো তৈরি করা হয় জানতে চাইলে রহমান বলেন, “সিমেন্ট, বালু, পাথর, দুই রকমের মবিল, বিভিন্ন সাইজের তারসহ খুঁটি তৈরিতে ১৮ থেকে ২০ ধরনের উপাদান লাগে। প্রয়োজনীয় সব উপাদন মিক্সার মেশিন ফেলে তৈরি করা হয় মশলা। ফ্রেমে বসানো লোহার তারের খাঁচায় ফেলা হয় সেই মশলা। পরে ফ্রেমের দুপাশে বেঁধে ভাইব্রেশন মেশিনে ২০ সেকেন্ড ঘুরালেই তৈরি হয়ে যায় খুঁটি।”

তিনি জানান, চাহিদা অনুযায়ী এসব সিমেন্টের খুঁটি খোলা হয় এক থেকে দুইদিন পরে। ব্যবহারের সুবিধার্থে ডেলিভারির সময় লোহার পাতি ও নাট লাগিয়ে দেওয়া হয়।

দুইটা কারখানায় মূল কাজে প্রতিদিন অন্তত ৫০ জন মানুষের কাজের সুযোগ হয়। গ্রামের ২০ জন নারী লোহার জিআই তার দিয়ে খাঁচার রিং তৈরি করেন। আর এলাকার বেকার ছেলেরা এসে খাঁচা তৈরি করেন।

বড়াইগ্রামের এনামূল সরকার, মাসুদ রানা, রফিকুল ইসলাম, মিনারুল ইসলাম, সবুজ আলী, মিজানুর রহমান, হাফিজুর রহমান, আলামিন, করিম, ইশিতিয়াক, মিলন ইসলাম, আব্দুল হালিম এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

আব্দুর রহমান জানান, চুক্তি ভিত্তিতে প্রতিটি খুঁটিতে ২০ টাকা করে, গাড়িতে লোড-আনলোড প্রতি পিস খুঁটি পাঁচ টাকা, খাঁচা তৈরি ও তার কাটা বাবদ প্রতিটি খুঁটিতে তিন টাকা করে মজুরি দেওয়া হয়। প্রতি পিস খুঁটি গড়ে বিক্রি হয় ২১৫-২২০ টাকায়।

“খরচ বাদে প্রতিটি খুঁটিতে গড়ে ২০ থেকে ২৫ টাকা লাভ থাকে। দ্রব্যের মূল্যবৃদ্ধি হলেও খুঁটির দাম তেমন বাড়েনি। প্রচুর কারখানা থাকায় প্রতিযোগিতা করে চলতে হয়। এসব খুঁটি ব্যবহার হচ্ছে ঘর বা খামার তৈরি, জমি ও বাগানবাড়ির বেড়া দেওয়াসহ বিভিন্ন কাজে। পরিবেশবান্ধব ও টেকসই হওয়ার কারণে সিমেন্টের খুঁটির চাহিদা দিন দিন বাড়ছে দেশজুড়েই।

সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক সাহায্য-সহযোগিতা পেলে ব্যবসা আরও এগিয়ে নিয়ে এলাকার বেকারদের কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টির প্রত্যাশা জানান আব্দুর রহমান।

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দুকুর রহমান পাটোয়ারি বলেন, বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু অঞ্চলে সিমেন্টের খুঁটি, পিলার তৈরির কারখানা গড়ে উঠেছে। পরিবেশবান্ধব হওয়ায় এসব প্রতিষ্ঠানকে আমরা উৎসাহিত করছি। বৃহৎ পরিসরের জন্য এই উদ্যোগকে যদি সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়, তবে এই শিল্প আরও এগিয়ে যাবে।“

সম্ভাবনাময় এ খাতের সার্বিক উন্নয়নের জন্য উদ্যোক্তাদের আর্থিক সহায়তার ব্যবস্থার করার কথা বলেন নাটোর জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তী। তিনি বলেন, “খুঁটির ব্যবসার উন্নয়নে প্রশিক্ষণ থেকে শুরু করে সব সহযোগিতা করবে বিসিক।“