চুয়াডাঙ্গায় কনকনে শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার ভোর ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গায় কনকনে শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে জেলার জীবননগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাত হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায় শুরু হয় বৃষ্টি। কিছু সময়ের জন্য তা মুষলধারের কাছাকাছি অবস্থায় পৌঁছে। পরে তা কমে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রূপ নেয়।
রাকিবুল হাসান আরও জানান, বৃহস্পতিবার ভোট ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম এবং বৃষ্টি অব্যাহত থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।
ভোর থেকে বৃষ্টি থাকায় রাস্তাঘাট ছিল ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসেনি। দু-একজনকে ছাতা মাথায় বাইরে আসতে দেখা গেছে।
এদিকে, অসময়ে বৃষ্টির কারণে কৃষকরা আছেন দুশ্চিন্তায়। তারা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, মাঠে মাঠে এখন বোরো ধান রোপণ চলছে। এ সময়ে বৃষ্টিতে কৃষক কাজ করতে পারবেন না। বীজতলার ক্ষতিরও ভয় আছে। আলু, সরিষাসহ অন্য ফসলের ক্ষতি হতে পারে।
চুয়াডাঙ্গার উপসহকারী কৃষি কর্মকর্তা হাকিমুর রহমান বলেন, বৃষ্টিতে বীজতলা ও সবজির ক্ষতির আশঙ্কা আছে। কোথাও পানি জমে থাকলে তা বের করে দিতে হবে।
