ভোটের দিন রংপুর নগরে সাধারণ ছুটি
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রংপুর সিটি করপোরেশনে ভোটের দিন মঙ্গলবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহেদী-উল-সহিদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন ২৭ ডিসেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এবার রংপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
