খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ, আহত শতাধিক
তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, ব্যাপক ভাঙচুর চালান হয় পৌরসভা ভবনে।
খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়ের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকা সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া সংঘর্ষ জেলা শহরে ছড়িয়ে পড়ে।
এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত ১০টি ভাঙচুর করা হয়, ব্যাপক ভাঙচুর চালান হয় পৌরসভা ভবনে। তাণ্ডবের প্রথমদিকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠলেও পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার অভিযোগ করে বলেন, “আমাদের পুর্বনিধারিত পদযাত্রা কর্মসূচি ছিল। দলের নেতা কর্মীরা সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জমায়েত হয়। পদযাত্রার প্রস্তুতির সময় সকাল সোয়া ১০টার দিকে অফিসে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এরপরই দুই দলের কর্মীরা সংঘাতে জড়িয়ে পরে। এতে বিএনপির নেতা হোসেন মো. বাবুসহ ৫০ জনের বেশি নেতা কর্মী আহত হয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের অফিসে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।
এরপরই পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।হামলা চালিয়ে পৌরসভা ভবনে ব্যাপক ভাঙচুর করা হয়।
বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টারও বেশি সময় ধরে শহরের ভাংগা ব্রিজ থেকে শাপলা চত্বর পর্যন্ত দখল করে রাখে বিএনপির নেতা-কর্মীরা। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়া শুরু করে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করতে দেখা যায়। এ সময় উভয়ের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান।
এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বিএনপি অফিসে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “বিএনপি আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে এসে হামলা করেছে। এতে আমাদের ৫০ এর বেশি নেতা-কর্মী আহত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “এ সময় সংঘর্ষ থামানোর জন্য পুলিশের সহায়তা চাইলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আমি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে একাধিকবার ফোন করেছি। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে পৌরসভায় হামলার ঘটনা ঘটেছে।”
তবে এই ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক কোনো বক্তব্য দিতে রাজি হননি। সংর্ঘষ থামার পর তিনি গাড়ি নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় তার সাক্ষাতকার নিতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবও দেননি।
