সিরাজগঞ্জে পিকনিকের নৌকা থেকে পড়ে প্রাণ গেল নারীর
নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে ইঞ্জিনচালিত ফ্যানে আঘাত পেয়ে সুফিয়া ঘটনাস্থলেই মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।
সিরাজগঞ্জের কামারখন্দে পিকনিকে যাওয়ার পথে ইছামতি নদীতে পড়ে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ফ্যানে আঘাত পেয়ে এক নারীর প্রাণ গেছে।
সোমবার সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক জানান।
নিহত ৪০ বছর বয়সি সুফিয়া খাতুন বাজার ভদ্রঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান মালেক বলেন, সকালে গণস্বাস্থ্য টেক্সটাইল মিলের শ্রমিকরা নৌকায় করে পিকনিকে যাচ্ছিলেন। মিলের শ্রমিক না হয়েও সুফিয়া তার জা রাকিবুনের সঙ্গে যাচ্ছিলেন।
নৌকা ছেড়ে দেওয়ার পরই সুফিয়া পা পিছলে নদীতে পড়ে গিয়ে ইঞ্জিনচালিত ফ্যানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
