চিকিৎসা করাতে ঢাকায়, সড়ক বিভাজকে আঘাত পেয়ে প্রাণ গেল নারীর
“বাইক দেখে পেছাতে গিয়ে পা পিছলে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পান তিনি,” বলেন নিহতের ভগ্নিপতি।
ঢাকার কুড়িল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পেয়ে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
মিজান বেগম (৪৫) নামে ওই নারী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।
নিহতের ভগ্নিপতি মানিক মিয়া বলেন, গ্রাম থেকে ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে ঢাকায় এসে তার বাসায় উঠেছিরেন মিজান। কুড়িল মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল দেখে ভয়ে পেছাতে গিয়ে তিনি পা পিছলে পড়ে যান। এসময় সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পান তিনি।
“আমরা প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এখানকার চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোরশেদ আলীর মেয়ে। তার স্বামীর নাম মোহাম্মদ আলী। তার সংসারে ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্বামী গ্রামে কৃষিকাজ করেন।
পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
