বাগেরহাটে নিখোঁজ গৃহবধূর মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে, স্বামী গ্রেপ্তার
বাগেরহাট শহর থেকে স্ত্রী ফিরোজা বেগম নিখোঁজ হয়েছেন বলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তার স্বামী মো. আলী হোসেন।
বাগেরহাটে নিখোঁজের সাত দিন পর ঘরের টয়লেটের ট্যাংক থেকে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই নারীর স্বামীকে।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম।
ফিরোজা বেগম (৩৯) দেওয়ানবাটি গ্রামের গফুর মোল্লার মেয়ে। গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী মো. আলী হোসেনকে (৩০)। তিনি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার আজিজ মোল্লার ছেলে।
ফিরোজা বেগমের এটি দ্বিতীয় বিয়ে এবং আলী হোসেনের আগে দুটি বিয়ে রয়েছে। ফিরোজার আগের ঘরে পূর্ণিমা বেগম (২০) নামে একটি মেয়ে রয়েছে। পূর্ণিমার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিয়ে হয়েছে।
আলী হোসেন ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চার বছরের বেশি সময় ধরে বাগেরহাটে সাংবাদিকতা করছেন।
নিহতের মেয়ে পূর্ণিমা বেগম বলেন, “আমার বাবার সঙ্গে মায়ের বনিবনা না হওয়ায় সাত আট বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তিনি আমার নানা বাড়িতে একা বসবাস করে আসছিলেন।
“প্রায় দুই বছর আগে আলী হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে মায়ের পরিচয় ঘটলে তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের ঝগড়া বিবাদ লেগে থাকত। তিনি মায়ের জমানো টাকা চাইতেন, না দিলে মারধর করতেন। কিছুদিন আগে মা তাকে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছিলেন।”
পূর্ণিমা বেগম জানান, চারদিন আগে আলী হোসেন তাকে মুঠোফোনে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। তবে তিনি বাগেরহাট আসতে চাইলেও আলী হোসেন নিষেধ করেন।
নিহতের মেয়ে পূর্ণিমা আরও বলেন, “মা নিখোঁজ থাকায় আমি চিন্তিত হয়ে পড়লে আমার স্বামী শনিবার সকালে আমাকে নিয়ে বাগেরহাট আসেন। বাড়িতে এসে ঘরের ভেতরে ঢুকে দেখি টয়লেটের চারপাশে নতুন মাটি দেওয়া। কেমন একটা দুর্গন্ধও বের হচ্ছে।
“তখন আলী হোসেন বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলে আমার স্বামী ও স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে। পরে ৯৯৯ এ ফোন করে তাকে পুলিশে সোপর্দ করি। আমার মার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বাগেরহাট সদর মডেল থানার ওসি আজিজুল বলেন, গত ২৯ জুলাই বাগেরহাট শহর থেকে স্ত্রী ফিরোজা বেগম নিখোঁজ হয়েছেন বলে ৩ অগাস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মো. আলী হোসেন। ওই ডায়েরির সূত্র ধরে তদন্ত করছিল পুলিশ।
“এর মধ্যে শনিবার ৯৯৯ এর একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ঘরের ভেতরের টয়লেটের ঢাকনা সরিয়ে গলিত একটি মরদেহ উদ্ধার করি। পরে জনতার হাতে আটক সাংবাদিক আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।”
ওসি আরও জানান, ফিরোজা বেগম হত্যার ঘটনায় আলী হোসেনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন নিহতের মেয়ে। দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ফিরোজা বেগমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
ওসি আজিজুল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছে। রোববার তাকে আদালতে তোলা হবে।”
