গোপালগঞ্জে বিনামূল্যে বঙ্গবন্ধুর বায়োপিক, তরুণদের ভিড়
জেলা প্রশাসন সাত দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র দেখে গোপালগঞ্জে তরুণ প্রজন্ম বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তারা ইতিহাসকে জানতে পারছেন।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি রাষ্ট্রের রূপকার’ চলচ্চিত্রটি ১৩ অক্টোবর সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে।
সেদিন থেকেই বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে ও টুঙ্গিপাড়া উপজেলা সদরে জেলা পরিষদ মিলনায়তনে সাত দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি শো করা হচ্ছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রতিদিন তিনটি করে শো হচ্ছে। সব বয়সের মানুষ আসছেন। তবে তরুণ প্রজন্ম বেশি। ৭৫০ আসনে প্রতিদিন তিনটি করে শো হচ্ছে। অনেক মানুষ আসন না পেয়ে ফিরে যাচ্ছেন। পরের দিন এসে দেখছেন।
তিনি আরও বলেন, “তরুণরা বঙ্গবন্ধুর আত্মত্যাগ, আদর্শ, সাহস, দর্শন, দেশপ্রেম সম্পর্কে জানতে পেরে গর্বিত হচ্ছেন। এতে আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হচ্ছে।”
রোববার জেলা শিল্পকলা একাডেমিতে ছবি দেখে বের হয়ে গৃহবধূ জারিন ফারহান (২৩) বলেন, “চলচ্চিত্রটি দেখে দেশের প্রকৃত ইতিহাস জানতে পেরেছি। ছবিতে ১৫ অগাস্টের ঘটনাসহ চারটি জায়গায় আবেগ ধরে রাখতে পারিনি। চোখে জল এসে গেছে।
“ইতিহাস পড়ে বঙ্গবন্ধু সম্পর্কে যতটা জেনেছি, বায়োপিক দেখে তার থেকেও বেশি তাকে হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছি। তাই ত্যাগী ও সাহসী মানুষটির প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে।”
নাট্যকর্মী জয়নাল মল্লিক জয় (২১) বলেন, “শ্যাম বেনেগালের মেকিং অসাধারণ। দৃশ্যায়ন চমৎকার। তিনি বিষয় ও ভাববস্তু ঠিক রেখে শৈল্পিকভাবে এটিকে উপস্থাপন করেছেন। এটি পরিচালনা করে তিনি মুন্সিআনার পরিচয় দিয়েছেন। অভিনেতা ও অভিনেত্রীরা খুব সুন্দর অভিনয় করেছেন। সবদিক দিয়ে চলচ্চিত্রটি হৃদয়গ্রাহী হয়েছে।”
সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা (৪৪) বলেন, “চলচ্চিত্রটি আমার বিবেককে নাড়া দিয়েছে। বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী অনেক অজানা ইতিহাস জানতে পেরেছি। চলচ্চিত্রটি যতদিন দর্শকরা চাইবেন ততদিন প্রদর্শনের ব্যবস্থা করা উচিত। এরমধ্য দিয়ে বঙ্গবন্ধু সবার অন্তরে ছড়িয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, “প্রতিটি শোতে আমরা সবাইকে জায়গা দিতে পারছি না। তারা পরের দিন এসে দেখছে। তরুণ প্রজন্ম বেশি দেখছেন।”
গোপালগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হাসান শাহীন বলেন, “রোববার সন্ধ্যায় চলচ্চিত্রটি সপরিবারে দেখতে গিয়েছিলাম, কিন্তু আসন পাইনি। সোমবার আবার দেখতে যাব।”
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. নাজমুল ইসলাম (৬০) বলেন, “চলচ্চিত্রটি মানসম্পন্ন। ব্রিটিশ আমল থেকে রাজনীতির অনেক বিষয় এখানে সহজভাবে তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়।”
