ফেনীতে সংঘর্ষ: এবার ছাত্রলীগ নেতার মামলায় আসামি বিএনপির ১৬৫১
১৮ জুলাই বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে।
ফেনীতে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার ছাত্রলীগের সাবেক এক নেতা মামলা করেছেন।
মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার ফেনীতে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটির বাদী পুলিশ। সেগুলোয় আসামি করা হয়েছে দুই হাজার ৮৮ জনকে।
এর শনিবার মামলা করেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন।
মামলার এজাহারে আমজাদ হোসেন উল্লেখ করেছেন, “মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে নেতা-কর্মীরা শহরের ট্রাংক রোডের প্রেসক্লাবের দক্ষিণ পাশে খাজা আহম্মদ সড়কের মাথায় (বাঁশপাড়ার মোড়) পৌঁছালে আসামিরা তাদের উপর হামলা করেন।
“এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এক পর্যায়ে তাকে (বাদী) কুপিয়ে জখম করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।”
আগের দুই মামলার মতো এ মামলায়ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ দলটির অঙ্গসংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ চলছে।
তবে শনিবার দুপুর পর্যন্ত এসব মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে থানার পরিদর্শক (অপারেশন) সফিকুর রহমান জানান।
এদিকে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল অভিযোগ করে বলেন, “মঙ্গলবারের পদযাত্রার পর ‘সাদা পোশাকধারী পুলিশের’ উপস্থিতিতে ছাত্রলীগ নেতারা বিএনপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়। তারা আমাদের নেতা-কর্মীদের কুপিয়ে আহত করে।
“গত কয়েকদিনে সোনাগাজীতে বিএনপির একাধিক নেতা-কর্মীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ।”
এ বিষয়ে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, “আমার দলের নেতা-কর্মীদের ওপর হামলা হলে আমরা কী বসে থাকব? বিএনপির নেতাদের মিষ্টি খাওয়াব? অবশ্যই হামলাকারী বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে পাল্টা হামলা চালাব।”
তবে সম্প্রতি বিএনপির নেতাদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, “যদি কোনও হামলায় বিএনপির কেউ আহত হয়ে থাকে সেটি তাদের অভ্যন্তরীণ বিরোধ। এসব ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নয়।”
সাদা পোষাকে পুলিশের উপস্থিতিতে কোনও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাদের উপর হামলা হচ্ছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
পুলিশ সুপার বলেন, “পুলিশ অভিযান চালানোর সময়ে কোনও রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে থাকেন না। আর সাদা পোশাকে পুলিশ কোথাও অভিযান চালায়নি।”
আরও পড়ুন:
